নিউজ ডেক্স : ১০ শিক্ষা বোর্ডে এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় গড় পাসের হার ৮০ দশমিক ৩৫ শতাংশ।
আজ বুধবার সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এবারের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের অনুলিপি তুলে দেয়া হয়। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের নেতৃত্বে শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা এই অনুলিপি তুলে দেন। সেখানে শিক্ষামন্ত্রী ফলাফলের বিভিন্ন দিক তুলে ধরেন।
অনুষ্ঠানে তিনি বলেন, অন্যান্য বারের চেয়ে এবারে পাসের হার কম।

ফলাফলের অনুলিপি হস্তান্তরের সময় শিক্ষামন্ত্রী জানান, চট্টগ্রাম বোর্ডে পাসের হার ৮৩.৯৯ শতাংশ, কুমিল্লা বোর্ডে পাসের হার ৫৯.০৩ শতাংশ, দিনাজপুরে ৮৩.৯৮ শতাংশ, সিলেট ৮০.২৬ শতাংশ, বরিশাল ৭৭.২৪ শতাংশ, যশোর বোর্ডে ৮০ দশমিক ০৪ শতাংশ।
এ ছাড়া কারিগরি শিক্ষাবোর্ডে পাসের হার ৭৮.৬৯ ও মাদরাসা শিক্ষা বোর্ডে পাসের হার ৭৬.২০ শতাংশ।
এবারের অংশ নেয়া পরীক্ষার্থীদের মধ্যে পাস করেছেন ১৪ লাখ ৩১ হাজার ৭২২ জন। মোট জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ৪ হাজার ৭৬১ জন।
গতবছরের চেয়ে এবারে পাসের হার কমেছে ৭.৯৪ শতাংশ।
দুপুর ২টা থেকে শিক্ষার্থীরা স্ব স্ব বোর্ডের ওয়েবসাইট, মোবাইলে এসএমএসের মাধ্যমে ও নিজ নিজ প্রতিষ্ঠান থেকে ফল জানতে পারবেন।
এ বছরের এসএসসি পরীক্ষা শুরু হয় ২ ফেব্রুয়ারি, শেষ হয় ২ মার্চ। পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে কয়েক বছর ধরে এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ করে আসছে শিক্ষা মন্ত্রণালয়। তারই ধারাবাহিকতায় এবারও ৬০ দিনের মধ্যে ফল প্রকাশিত হচ্ছে।
২৮ হাজার ৩৪৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১৭ লাখ ৮৬ হাজার ৬১৩ শিক্ষার্থী এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়।
Lohagaranews24 Your Trusted News Partner