
এলনিউজ২৪ডটকম : সৌদি আরবের মক্কায় লোহাগাড়ার এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি এক সপ্তাহ আগে সর্দি-জ্বরে আক্রান্ত হয়ে মক্কা নগরীর এক হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৬ এপ্রিল) স্থানীয় সময় রাত সাড়ে ১১টায় মৃত্যুবরণ করেন। নিহত যুবকের বড় ভাই সৌদি প্রবাসী শাহ আলম ছোট ভাইয়ের মৃত্যুর সংবাদটি পরিবারের কাছে জানিয়েছেন।
নিহত মোহাম্মদ মোরশেদ (৪৫) লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের উত্তর আমিরাবাদ কালো আমিন পাড়ার মৃত বাঁচা মিয়ার পুত্র ও তিন সন্তানের জনক।
স্থানীয় আকতার আহমদ নিহত যুবকের পরিবারের বরাত দিয়ে জানান, মোরশেদ কিছুদিন যাবত লিভারের সমস্যায় ভূগছিলেন। মক্কার হাফায়ায় তিনি ব্যবসা করতেন। কয়েকদিন আগে বাসায় অবস্থানকালে হঠাৎ সর্দি-জ্বরে আক্রান্ত হন। বাসার লোকজন তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে করোনা আক্রান্ত সন্দেহে নমুনা পরীক্ষা করেন। পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছিল। তবে বৃহস্পতিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান বলে চিকিৎসক জানিয়েছেন।

আমিরাবাদ ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের সদস্য আতাউর রহমান চৌধুরী বাবুল জানান, সর্দি-জ্বরে আক্রান্ত হয়ে সৌদি আরবের মক্কায় তার ওয়ার্ডের মোরশেদ নামে এক যুবক হাসপাতালে ভর্তি হয়েছিলেন। পরে চিকিৎসাধীন অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে ওই যুবক মারা গেছেন বলে তার পরিবারের কাছ থেকে শুনেছেন। এদিকে, মোরশেদের মৃত্যুর খবর বাড়িতে পৌঁছলে স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে আসে।
Lohagaranews24 Your Trusted News Partner