
নিউজ ডেক্স : চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া উপজেলার কেরানীহাটে বাসের চাকায় পিষ্ট হয়ে মো. আবদুস শুক্কুর (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। রোববার (২২ মার্চ) সকালে এ দূর্ঘটনা ঘটে। নিহত শুক্কুর পটিয়া পৌরসভার ৪নং ওয়ার্ডের মধ্যম পটিয়া মাঝেরঘাটা এলাকার আবুল হাশেমের ছেলে।
নিহতের চাচাতো ভাই মো. দিদারুল ইসলাম জানান, ঘটনারদিন শুক্কুর পটিয়া থেকে শ্যামলী পরিবহনের একটি বাসযোগে ইট কেনার জন্য কেরানীহাটে যান। বাসটি কেরানীহাটে পৌঁছার পর গাড়ি থেকে নামার সময় তিনি পা পিছলে পড়ে যান। এসময় বাসের পেছনের চাকায় পিষ্ট হয়ে তিনি গুরুতর আহত হন।
ঘটনার পর স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কেরানীহাটের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করা হয়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জানান, কেরানীহাট এলাকায় বাস থেকে নামার সময় পা পিছলে পড়ার পর বাসের পেছনের চাকায় পিষ্ট হয়ে শুক্কুর গুরুতর আহত হন। চমেক হাসপাতালে আনার পথে তিনি মারা যান। চমেক হাসপাতালে পৌঁছার পর কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) ইয়াছির আরাফাত জানান, এ ধরনের কোনো দুর্ঘটনার খবর তার জানা নেই।
Lohagaranews24 Your Trusted News Partner