
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ার আধুনগর গুল-এ-জার বালিকা উচ্চ বিদ্যালয়ের ৪ জন গরীব মেধাবী ছাত্রীর লেখাপড়ার দায়িত্ব নিলেন থানার ওসি মোঃ সাইফুল ইসলাম। তাঁর বদান্যতায় এসব ছাত্রীর লেখাপড়ার প্রতিবন্ধকতা দূর হয়েছে বলে স্কুলের প্রধান শিক্ষক সামশুদ্দিন সূত্রে জানা গেছে।
তিনি জানান, আজ ৪ সেপ্টেম্বর সাংবাদিকদের জানিয়েছেন আজ থেকে ১৫ দিন আগে লোহাগাড়া থানার ওসি মোঃ সাইফুল ইসলাম স্কুল পরিদর্শনে যান। তিনি পরিদর্শনকালে জানতে পারেন গরীব অথচ মেধাবী এ চার ছাত্রীর করুণ দুর্দশার কথা।

ছাত্রীরা হলেন উপজেলার বড়হাতিয়া কূলপাগলী এলাকার মৃত সামশুল আলমের কন্যা শামিমা আকতার (৬ষ্ট শ্রেণী), আধুনগর হাজির পাড়ার আলতাফ মিয়ার কন্যা নিশাত ফাতেমা নিশু (১০ম শ্রেণী), আধুনগর সিকদার পাড়ার মুহাম্মদ বশিরের কন্যা মীমা আকতার (৯ম শ্রেণী) ও আধুনগর চৌধুরী পাড়ার আবুল হাসেমের কন্যা সানজিদা মাহবুবা নিশাত (৯ম শ্রেণী) প্রমুখ।
অভাবের কারণে ছাত্রীরা যাতে ঝরে না পড়ে সেজন্য মোঃ সাইফুল ইসলাম ছাত্রীদের অভিভাবকদেরকে তার সাথে যোগাযোগ করার পরামর্শ দেন। সে মোতাবেক তিনি এ মাসের ১ তারিখ থেকে ছাত্রীদের যাবতীয় খরচ প্রদান করা শুরু করেছেন। ছাত্রীরা যতোদিন লেখাপড়া করে ততোদিন পর্যন্ত অব্যাহত থাকবে বলে প্রধান শিক্ষক জানিয়েছেন।
লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম জানান, “মানুষ মানুষের জন্য” এ বোধে উদ্বুদ্ধ হয়ে তিনি নারী শিক্ষার প্রতিবন্ধকতা দূর করতে সহযোগিতার হাত বাড়িয়েছেন।
Lohagaranews24 Your Trusted News Partner