
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় পৃথক অভিযান চালিয়ে দু’ইয়াবা পাচারকারী ও এক সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। গত ২১ ও ২২ অক্টোবর পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয় বলে জানান এসআই মফিজুল ইসলাম।
গ্রেফতারকৃতরা হল লোহাগাড়া সদরের বায়তুন নূর পাড়ার মোঃ সেলিমের পুত্র মোঃ তারেক (২৫), কক্সবাজার ঝিলংজা ইউনিয়নের দক্ষিণ মুহুরী পাড়ার সুরত আলীর পুত্র মোঃ হেলাল (২০) ও টেকনাফের নাইঙ্গরকুল এলাকার মোঃ ইউনুছের পুত্র বদিউল আলম (৩৫)।

জানা যায়, তারেক ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামী। দ্রুত বিচার আইনে কিছুদিন আগে তাকে এ সাজা দেয়া হয়েছে। গ্রেফতার এড়াতে তিনি দীর্ঘদিন যাবত পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে বেড়াচ্ছিল। অবশেষে সোমবার সকালে তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।
অপরদিকে, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি খানদিঘী এলাকায় চট্টগ্রাম শহরমুখী দূরপাল্লার বাসে পৃথক অভিযান চালিয়ে গত রবিবার দিনগত রাতে মোঃ হেলাল ও বদিউল আলমকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ১ হাজার ও ৬৫০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেফতার ইয়াবা পাচাকারীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা রুজু করা হয়েছে। তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে থানা সূত্রে প্রকাশ।
Lohagaranews24 Your Trusted News Partner