
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় করোনার প্রভাব ঠেকাতে বসানো অস্থায়ী চেকপোস্টে ইয়াবাসহ দুই পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার চুনতি এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার ইয়াবা পাচারকারীরা হলেন টাঙ্গাইল জেলার তালতলা এলাকার বাহাদুর রহমানের ছেলে ফজল মিয়া (২৬) ও একই এলাকার আবদুল হামিদের পুত্র হাছান মিয়া (২৮)।
পুলিশ জানায়, চুনতি এলাকায় পুলিশের চেকপোস্টের সামনে হেঁটে যাচ্ছিল তারা। তাদের গতিবিধি দেখে পুলিশে সন্দেহ হয়। পরে দেহ তল্লাশী করে ফজল মিয়ার প্যান্টের পকেট থেকে ৮শ পিস ও হাছান মিয়ার কাছ থেকে ৭শ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তারা গাড়ি পরিবর্তন করে ইয়াবাগুলো পাচারের উদ্দেশ্যে কক্সবাজার থেকে নিয়ে আসছিল।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকের হোসাইন মাহমুদ জানান, করোনার প্রাদুর্ভাব ঠেকাতে চুনতি এলাকায় পুলিশের চেকপোস্টে তল্লাশী চালিয়ে ১৫শ পিস ইয়াবাসহ দুই পাচারকারীকে গ্রেফতার করে পুলিশ। তাদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
Lohagaranews24 Your Trusted News Partner