
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়া সদরের খান মোহাম্মদ সিকদার পাড়ায় আগুনে পুড়েছে ৬টি দোকান। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাত আড়াইটায় এ ঘটনা ঘটে। আগুনে ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা দাবী করছেন।
ক্ষতিগ্রস্তরা হলেন নাছির উদ্দিনের চা দোকান, মোঃ জাহাঙ্গীরের মুরগির দোকান, মিলনের লন্ড্রী দোকান, মুদি দোকানদার যথাক্রমে সাইফুল ইসলাম, জাহাঙ্গীর আলম ও মোজাম্মেল হক।

স্থানীয় ইউপি সদস্য আবদুস ছবুর জানান, সাইফুল ইসলামের মুদি দোকান থেকে আগুনের সূত্রপাত। মুহুর্তের মধ্যে আধা পাকা দোকানগুলোতে আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয়ারা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেও ব্যর্থ হয়। পরে খবর পেয়ে সাতকানিয়া ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে দোকানের মালামাল ও আসবাবপত্র পুড়ে যায়। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত।
সাতকানিয়া ফায়ার সার্ভিসে দায়িত্বরত ফায়ারম্যান মোঃ শাকিল জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দীর্ঘক্ষণ চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা যায়নি।
এদিকে, খবর পেয়ে সকালে লোহাগাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল, লোহাগাড়া সদর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নুরুচ্ছফা চৌধুরী ও সমাজসেবক শাহাব উদ্দিন চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ক্ষতিগ্রস্তদের উপজেলা পরিষদের পক্ষ থেকে আর্থিক সহায়তার আশ্বাস দিয়েছেন উপজেলা চেয়ারম্যান।
Lohagaranews24 Your Trusted News Partner