
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় আগুনে পুড়ে গেছে এক বসতঘর। শনিবার (১১ এপ্রিল) রাত ৮টায় উপজেলার আমিরাবাদ ইউনিয়নের কিল্লার আন্দর কালু সিকদার পাড়ায় এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত বসতঘরের মালিক আবু তৈয়ব। তিনি ওই বসতঘর ভাড়া দিয়েছিলেন।
স্থানীয় নাছির উদ্দিন পিন্টু জানান, রান্নাঘরে গ্যাসের চুলা থেকে আগুনের সূত্রপাত। মুহুর্তের মধ্যে আগুন টিনের ছাউনী ও বাঁশের বেড়াযুক্ত বসতঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয়রা এগিয়ে এসে প্রায় ঘন্টাখানেক চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে বসতঘরের সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।
খবর পেয়ে সাতকানিয়া ফায়ার ষ্টেশনের দমকল বাহিনী ঘটনাস্থলে আসলেও তাদের আগুন নেভানোর কাজে অংশগ্রহণ করতে হয়নি। এর পূর্বেই আগুন নিয়ন্ত্রণে আনেন স্থানীয়রা। আগুনে ২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা দাবী করছেন।

আমিরাবাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) এস এম ইউনুছ জানান, কিল্লার আন্দর কালু সিকদার পাড়ায় এক বসতঘর আগুনে পুড়ে যাওয়ার সংবাদ পেয়েছেন। ঘটনাস্থল পরিদর্শনের যাবেন বলে জানান তিনি।
Lohagaranews24 Your Trusted News Partner