
এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় নিয়ন্ত্রণহারা বাসের চাপায় মসজিদে যাবার পথে জাকির হোসাইন (২৬) নামে এক যুবক নিহতের ঘটনায় মামলা রুজু করা হয়েছে।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দোহাজারী হাইওয়ে থানার এসআই মো. মহিউদ্দিন ভুঁইয়া বাদি হয়ে এই মামলা দায়ের করেন। মামলায় মারসা পরিবহণের বাস ও পিকআপের অজ্ঞাতনামা চালকদের আসামি করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৬ সেপ্টেম্বর দুপুরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে উপজেলার চুনতি ইউনিয়নের বনপুকুর এলাকায় কক্সবাজারমুখি মারসা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সাথে বিপরীতমুখি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে স্থানীয় কালো সিকদার পাড়ার আবুল ফজলের পুত্র পথচারী জাকির হোসাইনকে চাপা দিয়ে সড়কের পাশে বৈদ্যুতিক খুটির সাথে ধাক্কা দেয়।
স্থানীয়রা আহত পথচারীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর বাস ও পিকআপের চালক গাড়ি রেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে নিহতের ভাই মো. আলমগীরের আবেদনের প্রেক্ষিতে উর্ধতন কর্তৃপক্ষের সাথে আলোচনাক্রমে বিনা ময়নাতদন্তে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। দূর্ঘটনা কবলিত বাস ও পিকআপ হাইওয়ে থানা হেফাজতে রয়েছে।
লোহাগাড়া থানার এসআই জাহেদ হোসেন জানান, হাইওয়ে থানা পুলিশ সড়ক পরিবহন আইনে থানায় মামলা দায়ের করেছেন। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, এই ঘটনার প্রতিবাদে বিক্ষুদ্ধ জনতা সাড়ে ৫ ঘন্টা মহাসড়ক অবরোধ করে রাখেন। পরে বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আসহাব উদ্দিন চৌধুরী।
এ সময় বিক্ষুদ্ধ জনতা চট্টগ্রাম-মহাসড়ক প্রশস্তকরণ, এই রুটে মারসা পরিবহণের বাস নিষিদ্ধকরণ, গাড়ির গতি নিয়ন্ত্রণ, দূর্ঘটনা কবলিত বাসের চালককে দ্রুত গ্রেপ্তার পূর্বক আইনের আওতায় আনা ও নিহত জাকির হোসেনের পরিবারকে উপর্যুক্ত ক্ষতিপূরণ দেয়ার দাবি জানিয়েছিলেন। পরে উপস্থিত নেতৃবৃন্দ বিক্ষুদ্ধ জনতার দাবির প্রতি সম্মান জানিয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। এরপর বিক্ষুদ্ধ জনতা মহাসড়ক থেকে সরে যান এবং যানবাহন চলাচল শুরু হয়।
Lohagaranews24 Your Trusted News Partner