
এলনিউজ২৪ডটকম লোহাগাড়ায় অবৈধভাবে বালু উত্তোলন করায় অভিযান পরিচালনা করেছে থানা পুলিশ। বুধবার (৮ এপ্রিল) বিকেলে জাতীয় নিরাপত্তা গোয়েন্দার (এনএসআই) তথ্যের ভিত্তিতে উপজেলার চরম্বা ইউনিয়নের ৭ নাম্বার ওয়ার্ডের মাইজবিলা নলবুনিয়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল। সাথে ছিলেন পরিদর্শক (তদন্ত) প্রশান্ত কুমার ভৌমিকসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

এনএসআই সূত্রে জানা যায়, ঘটনাস্থলে জামছড়ি খালের তীরবর্তী টিলা কেটে ইজারা ব্যতীত অবৈধভাবে বালু উত্তোলনের খবরে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে বালু উত্তোলন কাজে ব্যবহৃত ৩টি ডিজেল চালিত মেশিন, ৫শ ফুট পাইপ ও ৫টি বেলচা জব্দ করা হয়েছে। অভিযানের উপস্থিতি টের পেয়ে বালু উত্তোলনকারীরা পালিয়ে গেছে। তবে খোঁজখবর নিয়ে বালু উত্তোলনে চরম্বা ইউনিয়ন পরিষদের ২ নাম্বার ওয়ার্ডের সদস্য শওকত ওসমান (৪০), স্থানীয় মোহাম্মদ আব্দুল্লাহ (২৯) ও জাহাঙ্গীর আলম (২৫) জড়িত থাকার তথ্য পাওয়া গেছে।
লোহাগাড়া থানার পরিদর্শক (তদন্ত) প্রশান্ত কুমার ভৌমিক জানান, অবৈধভাবে বালু উত্তোলন কাজে ব্যবহৃত জব্দকৃত মালামাল থানা হেফজতে রয়েছে। বালু উত্তোলন কাজে জড়িতদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Lohagaranews24 Your Trusted News Partner