
এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় বি.জি সেনেরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ আনা হয়েছে। গত ২৩ জুলাই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচিত সাবেক অভিভাবক সদস্য সমশুল আলম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রামের চেয়ারম্যান বরাবরে লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৭ জুন সাধারণ সভা দেখিয়ে একটি ভুয়া রেজুলেশন তৈরি করেন প্রধান শিক্ষক। এতে অভিযোগকারীর সাক্ষর জালিয়াতি করা হয়েছে। ওই রেজুলেশনে ২০২৪ সালের আয়-ব্যয়ের হিসাব অভ্যন্তরিন নিরীক্ষা কমিটির রিপোর্ট উল্লেখ করেন। বাস্তবে এ ধরণের কোনো কমিটি গঠন করা হয়নি। আয়-ব্যয়ের হিসাব অনুমোদন সম্পূর্ণ কাল্পনিক। জালিয়তির মাধ্যমে রেজুলেশন করে প্রধান শিক্ষক নানা ভাউচারে স্কুলের টাকা আত্মসাৎ করেছেন। প্রধান শিক্ষককে ২০২২-২৩ অর্থ বছরের আয়-ব্যয়ের হিসাব দেখতে বললে অপরগতা প্রকাশ করেন। এছাড়া বিদ্যালয়ের নতুন ৪ তলা বিশিষ্ট একাডেমিক ভবনের জন্য স্থানীয় আবদুল গণি ২ শতক জমি দান করেন। কিন্তু প্রধান শিক্ষক উক্ত জায়গা বিদ্যালয়ের ফান্ড থেকে ক্রয় করেছেন বলে ম্যানেজিং কমিটিকে জানান। অপরদিকে বিদ্যালয়ের দ্বিতল পরিত্যক্ত ভবন সাড়ে ৫ লাখ টাকায় বিক্রি করেন। কিন্তু উক্ত টাকা বিদ্যালয়ের ফান্ডে জমা হয়নি। এছাড়া প্রধান শিক্ষকের কাছে প্রাইভেট না পড়ায় বিজ্ঞান বিভাগের ৮-১০ জন শিক্ষার্থীকে প্যাকটিকেল পরীক্ষায় শুধুমাত্র পাশ দেয়ার অভিযোগ আনা হয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নাজিম উদ্দিন জানান, তার বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। এছাড়া প্যাকটিকেল পরীক্ষায় কম নাম্বার পাওয়া শিক্ষার্থীদের ব্যাপারে শিক্ষাবোর্ডের সাথে যোগাযোগ করা হয়েছে। আশা করছি বিষয়টি সমাধান হবে।
Lohagaranews24 Your Trusted News Partner