
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় লবনবাহী কাভার্ডভ্যান থেকে ২৮ হাজার পিস ইয়াবাসহ ইমতিয়াজ (২৮) নামে এক চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় জব্দ করা হয়েছে ইয়াবা পাচারকাজে ব্যবহৃত কাভার্ডভ্যান।
সোমবার (২৬ এপ্রিল) ভোররাত ৩টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের থানা গেইটের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ইমতিয়াজ কক্সবাজারের টেকনাফ থানার হ্নীলা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের পূর্ব রঙ্গীখালী লামার পাড়ার মো. ইউনুছের পুত্র।
পুলিশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামমুখী একটি লবনবাহী কাভার্ডভ্যানে তল্লাশী করা হয়। এ সময় কাভার্ডভ্যানে বিশেষ কায়দায় রাখা ২৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক মূল্য ৮৪ লাখ টাকা।

গ্রেপ্তার চালক ইমতিয়াজ জানান, কক্সবাজারের জনৈক ব্যক্তি ইয়াবাগুলো চট্টগ্রাম শহরের পৌঁছে দেয়ার জন্য দিয়েছিলেন। সেখানে পৌঁছে দিলে তিনি মোটা অংকের টাকা পেতেন। তবে ইয়াবাগুলো কে দিয়েছে আর কে গ্রহণ করবে তাদের নাম-ঠিকানা জানাতে পারেননি।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকের হোসাইন মাহমুদ জানান, গ্রেপ্তার ইয়াবা পাচারকারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়। একইদিন সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
Lohagaranews24 Your Trusted News Partner