
নিউজ ডেক্স : রংপুর-৩ আসনের উপনির্বাচনে দলীয় প্রার্থী রিটা রহমানের নির্বাচনী প্রচারণা চালাতে গিয়ে আহত হয়ে হাসপাতালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার বিকেল ৫টার দিকে রংপুরের শাপলা চত্বরের পথসভায় যোগ দিতে গিয়ে এ ঘটনা ঘটে। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
ঘটনাস্থল থেকে শায়রুল বলেন, আমরা রংপুরের পায়রা চত্বরের পথসভা থেকে ট্রাকযোগে শাপলা চত্বরের পথসভার দিকে যাচ্ছিলাম। আমাদের বহনকরা ট্রাকটি হঠাৎ হার্ডব্রেক করলে মহাসচিব পড়ে যান। ফলে তার হাতের তালু ফেটে যায়। তাৎক্ষণিকভাবে প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি অধ্যাপক ডা. নুরুল ইসলামের তত্ত্বাবধানে।

হাসপাতালে মহাসচিবের সঙ্গে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আহসান হাবিব দুলুসহ স্থানীয় নেতাকর্মীরা। রংপুর-৩ আসনে উপনির্বাচনে ভোটগ্রহণ হবে আগামী ৫ অক্টোবর।
Lohagaranews24 Your Trusted News Partner