
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ার বার আউলিয়া বিশ্ববিদ্যালয় কলেজে ১৬ জানুয়ারী সোমবার দিনগত গভীর রাতে দুঃসাহসিক চুরি হওয়ার সংবাদ পাওয়া গেছে।
এ ব্যাপারে কলেজের অধ্যক্ষ মোঃ ফয়েজ উল্লাহ ১৭ জানুয়ারী লোহাগাড়া থানাকে লিখিতভাবে জানিয়েছেন বলে থানার ডিউটি অফিসার এসআই নুরুল ইসলাম জানিয়েছেন।

তিনি জানান, অভিযোগটি তদন্তের জন্য এসআই লিটন চন্দ্র সিংহ ঘটনাস্থলে যান এবং জিজ্ঞাসাবাদের জন্য নাইটগার্ড নজির আহমদকে থানায় নিয়ে আসা হয়। পরে অধ্যক্ষের জিম্মায় তাকে ছেড়ে দেয়া হয়েছে।
অভিযোগে প্রকাশ, চোরেরা তালা ভেঙ্গে অফিসে প্রবেশ করে। অফিসের ৯টি ষ্টীল আলমিরা ভেঙ্গে কাগজপত্র তছনছ করে। আলমিরায় রক্ষিত নগদ লক্ষাধিক টাকা চোরেরা নিয়ে যায়।
কর্মচারীরা সকালে কলেজে এসে অফিসের দরজার তালা ভাঙ্গা ও ভিতরে কাগজপত্র তছনছ অবস্থায় দেখতে পান। পরে তারা অধ্যক্ষকে খবর দেয়। পরে অধ্যক্ষ বিষয়টি থানাকে অবহিত করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন নিয়মিত মামলা রুজু হয়নি।
এ চুরির ঘটনার ব্যাপারে তদন্ত অব্যাহত রয়েছে বলে থানা সূত্রে প্রকাশ।
Lohagaranews24 Your Trusted News Partner