
নিউজ ডেক্স : আবারও বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর ফলে বৃষ্টিপাত বাড়ার পাশাপাশি ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস। শনিবার (১ অক্টোবর) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ হাফিজুর রহমান এ তথ্য জানান।
তিনি বলেন, আগামী তিন দিনের মধ্যে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর ফলে সারা দেশেই বৃষ্টিপাতের প্রবণতা বাড়বে এবং ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। বর্তমানে উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত মৌসুমি বায়ু বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ুর একটি বর্ধিতাংশ উত্তরপশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত অবস্থান করছে।

আবহাওয়াবিদ হাফিজুর রহমান বলেন, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিজলি চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। এর ফলে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমে যেতে পারে।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সন্দ্বীপে ৫৯ মিলিমিটার। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ফেনীতে ২২.৫ ডিগ্রি সেলসিয়াস। গতকাল (শুক্রবার) সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সিলেটে ৩৬.২ ডিগ্রি সেলসিয়াস।
Lohagaranews24 Your Trusted News Partner