
নিউজ ডেক্স : দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে বিয়ের শর্তে ধর্ষকের অস্থায়ী জামিন দিয়েছে আদালত। আজ রবিবার (২৪ জুলাই) চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আজিজ আহমেদ ভূঞার আদালত জামিন শুনানিতে বিয়ের শর্তে জামিন মঞ্জুর করে।
আদালত সূত্রে জানা যায়, বাঁশখালী থানার উত্তর জলদী এলাকার বাঁশখালী বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রীর সঙ্গে একই থানার পুঁইছড়ি ইউনিয়নের আরবশাহ ঘোনা এলাকার ২২ বছরের এক যুবকের প্রেমের সম্পর্ক হয়। এ নিয়ে ছাত্রীর পরিবারের পক্ষ থেকে যুবককে সতর্ক করা হয়। গত ১১ এপ্রিল প্রেমের প্রলোভন দেখিয়ে যুবকটি স্কুলের ক্লাস শেষে স্কুলগেট থেকে সিএনজিচালিত অটোরিকশায় তুলে অজ্ঞাত স্থানে নিয়ে ধর্ষণ করে ওই ছাত্রীকে। এ ঘটনায় ছেলে, ছেলের মা-বাবাকে আসামি করে গত ১৩ এপ্রিল বাঁশখালী থানায় ছাত্রীর মা মামলা করেন।
আসামিপক্ষের আইনজীবী মো. ফোরকান উদ্দীন খোকন বলেন, “মামলার বাদি ও আসামিপক্ষের মধ্যে আপস হয়েছে। আগে থেকে আসামির বিয়ের যাবতীয় কাজ সম্পন্ন করা হয়। আদালতে বিয়ের কাবিননামায় স্বাক্ষর করে বিয়ে সম্পন্ন হয়েছে। আদালতে বিয়ের শর্তে অস্থায়ী জামিন মঞ্জুর করেছে।” -আজাদী অনলাইন

Lohagaranews24 Your Trusted News Partner