
নিউজ ডেক্স : দুবাইয়ে ২৫তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় হাফেজ তাওহিদুল ইসলাম ১০তম স্থান অর্জন করেছেন। এর ফলে বাংলাদেশের ধারাবাহিক সাফল্যের আরও একটি পালক যুক্ত করেছেন এই কোরআনের হাফেজ। ৭০ দেশের প্রতিযোগী এবারের আসরে অংশ নেন। এতে প্রথম হয়েছেন আলজেরিয়ার প্রতিযোগী আবু বকর।
শুক্রবার (১৫ এপ্রিল) রাতে দুবাইয়ের কালচারাল অ্যান্ড সাইন্টিফিক অ্যাসোসিয়েশন হলরুমে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে সম্মাননা স্মারক ও সনদ তুলে দেন দুবাইয়ের ক্রাউন প্রিন্স শেখ মনসুর বিন মোহাম্মদ বিন রাশেদ আল মাকতুম।
এর আগে তাওহিদুলসহ অন্যান্য প্রতিযোগীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সংযুক্ত আরব আমিরাতের উপ-রাষ্ট্রপতি ও দুবাই শাসক শেখ মোহাম্মদ বিন রাশেদ আল মাকতুম। এসময় তিনি তাদের কোরআন তেলওয়াতের ভূয়সী প্রশংসা করেন।

বাংলাদেশকে শক্তিশালী অংশগ্রহণকারী দেশ হিসেবে উল্লেখ করে আয়োজক কমিটির সদস্য খালেদ আল জাহিদ বলেন, বাংলাদেশের প্রতিযোগীরা বরাবরই এই প্রতিযোগিতায় শক্তিশালী প্রতিযোগী হিসেবে অংশগ্রহণ করছে, যারা বিজয়ী হয়েছেন সবাইকে ধন্যবাদ।
তাওহিদুল ইসলামের শিক্ষক ও রাজধানীর মারকাজুল তাহফিজ ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদরাসার শিক্ষক হাফেজ ক্বারী নেছার আহমাদ বলেন, অন্যান্যদের চেয়ে তেলাওয়াতের দিক দিয়ে বাংলাদেশের হাফেজরা এগিয়ে। তাদের ভাষাগত জ্ঞান ও উচ্চারণ শৈলী যে কাউকে মুগ্ধ করে। এই ধারাবাহিকতা বজায় রাখতে প্রয়োজন সময়োপযোগী আর মানসম্মত প্রাতিষ্ঠানিক শিক্ষা, পরিচর্যা ও সরকারি পৃষ্ঠপোষকতা।
হাফেজ তাওহিদুল ইসলাম ঢাকার মারকাজুল তাহফিজ ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদরাসার ছাত্র। ২০০৮ সালে হিফজুল কোরআন শেষ করেন। -জাগো নিউজ
Lohagaranews24 Your Trusted News Partner