
নিউজ ডেক্স : সন্দ্বীপ উপজেলার সন্তোষপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মহাজনবাড়িতে গতকাল বৃহ্স্পতিবার রাতে বিদ্যুতস্পৃষ্ট হয়ে নাসিমা আক্তার (৩৫) নামের এক মহিলা মৃত্যুবরণ করেছেন। মৃত নাসিমা আক্তার একই ওয়ার্ডের বাসিন্দা নুরুল আফসারের স্ত্রী।
জানা যায়, নাসিমা আক্তারের পাঁচ বছরের মেয়েশিশু খুশি আক্তার না বুঝে বিদ্যুতের প্লাগে আঙুল ঢুকিয়ে দেয়। এতে সে বিদ্যুৎস্পৃষ্ট হলে তাকে রক্ষা করতে গিয়ে সাত বছরের ছেলে হাসানও বিদ্যুৎস্পৃষ্ট হয়।
ঘটনার আঁচ করতে পেরে মা দৌড়ে এসে বিদ্যুতের তার সরাতে গিয়ে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। শেষ পর্যন্ত দুই সন্তান প্রাণে বেঁচে গেলেও বাঁচতে পারেননি মা। ঘটনাস্থলেই দুই সন্তানের মা নাসিমার মৃত্যু হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সন্তোষপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন জাফর বলেন, ছেলে ও মেয়েকে নিয়ে নাসিমা তার বাবার বাড়ি বেড়াতে এসেছিলেন। বৃহস্পতিবার রাত নয়টার দিকে দুই সন্তানকে বিদ্যুৎস্পৃষ্ট হতে দেখে দুজনকে ছাড়াতে যান। দুই সন্তানের পায়ে জুতা থাকলেও নাসিমার পায়ে জুতা না থাকায় খুব দ্রুত বিদ্যুতায়িত হয়ে নাসিমা মারা গেছেন। রাতেই তার লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বশির আহমেদ বলেন, এ ধরনের ঘটনা থানায় এখন পর্যন্ত কেউ জানায়নি। -আজাদী অনলাইন
Lohagaranews24 Your Trusted News Partner