
নিউজ ডেক্স : নগরের হালিশহর এলাকায় পূর্ব শত্রুতার জেরে চাচাতো ভাইকে বাড়ি থেকে ডেকে নিয়ে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। পুলিশ হত্যার সঙ্গে জড়িত দুই ভাইকে গ্রেফতার করেছে। বুধবার (৮ এপ্রিল) ভোরে হালিশহর থানাধীন রামপুরা বড়পুকুর পাড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম মো. জামাল (৩৬)। তিনি রামপুরা এলাকার আমীর আহমেদ ড্রাইভারের ছেলে। গ্রেফতার দুই ভাই হলো- মো. ইসমাঈল (৩৮) ও মো. ইকবাল (৩২)। তারা রামপুরা এলাকার ইউসুফ সর্দারের ছেলে।
হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, জামাল নামে এক যুবককে ছুরিকাঘাত করা হয়। হাসপাতালে নেওয়ার পথে জামাল মারা যায়। হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছি আমরা।

তিনি বলেন, হত্যার শিকার জামাল ও আসামিরা সম্পর্কে চাচাতো ভাই হয়। তাদের মধ্যে দীর্ঘদিন ধরে শত্রুতা ছিল বলে জানতে পেরেছি। গত জানুয়ারিতে ইকবাল জামালকে গুলি করেছিল। তখন ভাগ্যক্রমে জামাল বেঁচে যায়। এর আগে জামাল ইকবালকে মারধর করেছিল। হত্যার ঘটনায় মামলা দায়ের হয়েছে বলে জানান ওসি মোহাম্মদ রফিকুল ইসলাম। বাংলানিউজ
Lohagaranews24 Your Trusted News Partner