
নিউজ ডেক্স : সম্প্রতি ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতায় সেরা নির্বাচিত হবার পর বিয়ের তথ্য গোপনের কারণে মুকুট হারানোর গ্লানি মুছে ফেলতে চান জান্নাতুল নাঈম এভ্রিল। এবার তিনি নতুন উদ্যমে নতুন জীবন শুরু করতে চান। ঘুরে দাঁড়ানোর এই পদক্ষেপ হিসেবে কাজ করতে চান বাল্যবিবাহ নিয়ে। বাল্যবিবাহ প্রতিরোধে ‘এভ্রিল ফান্ড’ ইতোমধ্যে গঠন করেছেন। সবই পুরানো খবর।
তবে নতুন খবর হচ্ছে জান্নাতুল নাঈম এবার চলচ্চিত্রে পা রাখছেন।
গণমাধ্যমে এভ্রিল বলেন, ‘চলচ্চিত্রে কাজ করার জন্য ইতিমধ্যে আমার সঙ্গে কয়েকজন প্রযোজক যোগাযোগ করেছেন। মজার ব্যাপার হচ্ছে, দেশের শীর্ষ একটি চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান থেকেও ছবি করার অফার পেয়েছি। তবে আমি হ্যাঁ কিংবা না কিছুই বলিনি।’
তবে এখনই কোন চূড়ান্ত সিদ্ধান্তে আসেননি নানা চড়াই উৎরাই পেরিয়ে তারকা বনে যাওয়া এই মডেল। ঐ চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান থেকে দুই বছরের জন্য চুক্তিতে কাজ করার কথা থাকলেও তিনি আপাতত একমাস সময় চেয়েছেন চিন্তাভাবনার জন্য। সিনেমার মানের প্রসঙ্গে তিনি বলেন, ‘নামকাওয়াস্তে কোনো চলচ্চিত্রে কাজ করব না।’
গত ২৯ সেপ্টেম্বর রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের নবরাত্রি হলে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশে’র নাম ঘোষণা করা হয়। এরপর বিয়ের তথ্য গোপন করার অভিযোগে সুন্দরী প্রতিযোগিতা ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’র শিরোপা হারান এভ্রিল। -ইত্তেফাক
Lohagaranews24 Your Trusted News Partner