
নিউজ ডেক্স : চট্টগ্রামে টানা কয়েকদিন থেমে থেমে বৃষ্টির মধ্যে ফের ভারী বর্ষণের আভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।
সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আগামী ২৪ ঘণ্টায় চট্টগ্রামের কোথাও কোথাও ভারী (৪৪-৮৮ মিলিমিটার) থেকে অতি ভারী (৮৯ মিলিমিটারের বেশি) বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে সংস্থাটির পক্ষ থেকে।
মঙ্গলবার (১৮ আগস্ট) সন্ধ্যায় দেওয়া পতেঙ্গা আবহাওয়া অধিদফতরের সর্বশেষ বুলেটিনে বলা হয়- আগামী ২৪ ঘণ্টা চট্টগ্রামের আকাশ মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেই সঙ্গে অধিকাংশ জায়গায় অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়াসহ মাঝারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও অতি ভারী বর্ষণও হতে পারে।

এই সময়ে বাতাসের গতিবেগ দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় ১২-১৮ কি.মি. বেগে প্রবাহিত হতে পারে। যা দমকা বা ঝড়ো হাওয়া আকারে ৩৫-৪৫ কি.মি. পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।
পতেঙ্গা আবহাওয়া অফিসের পূর্বাভাস কর্মকর্তা ড. মো. শহিদুল ইসলাম জানান, মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেল ৩টা পর্যন্ত চট্টগ্রামে ৬২ দশমিক ৩ মিলিমিটার বৃষ্টির রেকর্ড করা হয়েছে। যা ভারী বর্ষণের পর্যায়ে পড়ে।
এই পরিস্থিতিতে চট্টগ্রাম সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত এবং চট্টগ্রাম নদী বন্দরকে ১ নম্বর নৌ সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে বলে জানান এই আবহাওয়াবিদ।
এদিকে ভারী থেকে অতি ভারী বর্ষণের কারণে চট্টগ্রামে ভূমিধসের শঙ্কায় পাহাড়ের পাদদেশে ‘মৃত্যুঝুঁকি’ নিয়ে বসবাস করা লোকজনকে সরাতে মঙ্গলবার দিনভর পাহাড়ে মাইকিং করেছে জেলা প্রশাসন। পাহাড় থেকে সরে লোকজন যাতে নিরাপদ আশ্রয়ে থাকতে পারে এ জন্য চট্টগ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে নগরের বিভিন্ন এলাকায় ১৯টি আশ্রয়কেন্দ্র চালু করা হয়েছে। বাংলানিউজ
Lohagaranews24 Your Trusted News Partner