
নিউজ ডেক্স : জামায়াত ইসলামী বাংলাদেশের সাবেক সংসদ সদস্য আলহাজ শাহজাহান চৌধুরীকে (৭০) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
শাহজাহান চৌধুরীর ছোট ভাই মোহাম্মদ হোসেন চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।
মোহাম্মদ হোসেন চৌধুরী জানান, শাহজাহান চৌধুরী পরিবার নিয়ে চট্টগ্রাম শহরে বসবাস করলেও ঈদ করতে ঈদের আগের দিন রাতে গ্রামের বাড়িতে আসেন তিনি। ঈদের দিন দলীয় নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে রাতে নিজ বাড়িতে অবস্থান করছিলেন।

রাত আড়াইটার দিকে সাতকানিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেনের নেতৃত্বে একদল পুলিশ সাতকানিয়া পৌরসভার ছমদর এলাকার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।
বিষয়টি নিশ্চিত করে সাতকানিয়া থানার ওসি আনোয়ার হোসেন বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে জামায়াত নেতা শাহজাহান চৌধুরীর বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।’
এর আগে ২০১৮ সালের ৩ আগস্ট নগরীর পাহাড়তলী থানার মুরগির ফার্ম এলাকায় বিএনপির কাউন্সিলরের বাড়ি থেকে গ্রেপ্তার হয়েছিলেন তিনি। এনটিভি অনলাইন
Lohagaranews24 Your Trusted News Partner