
নিউজ ডেক্স : কর্ণফুলী নদীতে মাছ ধরতে গিয়ে পন্টুনের নিচে তলিয়ে গিয়ে বাবা-ছেলে। রোববার (৩০ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে কর্ণফুলী নদীর আনু মাঝিরঘাট এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি টিম উদ্ধার অভিযান চালাচ্ছে। জাল দিয়ে তিনজন মাছ মারার সময় ডিঙ্গি নৌকা উল্টে যায়। এ সময় একজন তীরে উঠতে পারলেও বাবা এবং ছেলে স্রোতের টানে অন্যদিকে চলে যায়।
এ পর্যন্ত ফায়ার সার্ভিসের কর্মীরা বাবা ও ছেলেকে উদ্ধার করতে পারেনি। ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে। নিখোঁজ দুজনের নাম হলো তপন দাস ও তার ছেলে সমীত দাস। নিখোঁজ দুই ব্যক্তির বাড়ি পটিয়ার কোলাগাঁও গ্রামে।
চট্টগ্রাম নন্দনকানন ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ আলী গণমাধ্যমকে বলেন, ডিঙ্গি নৌকা নিয়ে কর্ণফুলী নদীতে মাছ ধরতে গিয়েছিলেন। একপর্যায়ে নৌকা উল্টে পানিতে তলিয়ে যান বাবা ও ছেলে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি টিম ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালাচ্ছে। এখনো তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি। -আজাদী অনলাইন

Lohagaranews24 Your Trusted News Partner