
আন্তর্জাতিক ডেক্স : নির্বাচন তার কাছ থেকে চুরি করে নেয়া হয়েছে অভিযোগ তুলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমরা এখনো জয়ী হতে পারি। গত ৩ নভেম্বর অনুষ্ঠিত দেশটির প্রেসিডেন্ট নির্বাচনের পর প্রথমবার আয়োজিত এক সমাবেশে শনিবার তিনি এ দাবি করেন।
এখনো পরাজয় স্বীকার না করা ট্রাম্প বলেন, ‘শেষ পর্যন্ত আমরা এখনো জয়ী হতে পারি।’জর্জিয়ার ভালদস্তায় দুই সিনেট প্রার্থীর পক্ষে প্রচারণার লক্ষ্যে আয়োজিত ওই সমাবেশে তিনি আরও বলেন, ‘নির্বাচনে আমরা জিততে যাচ্ছি।’
সংবাদ মাধ্যমের ঘোষিত ফলাফলের পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে সরকারিভাবে প্রয়োজনীয় ইলেকটোরাল কলেজ ভোট পেয়ে গেলেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন।

ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ৫৫ ইলেকটোরাল কলেজকে কর্তৃপক্ষ বাইডেনের পক্ষে ভোট দিতে নিয়োগ দিলে তার সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত হয়। নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের জয় প্রসঙ্গে ট্রাম্প নির্বাচনে জালিয়াতি করা হয়েছে বলে আবারও অভিযোগ করেন।
আগামী ৫ জানুয়ারি ওই দুই প্রার্থী জর্জিয়ায় সিনেটের গুরুত্বপূর্ণ দ্বিতীয় দফার ভোট মোকাবিলা করবে। এর ফলাফলের ওপর নির্ভর করবে ১০০ আসনের সিনেট কোন দলের নিয়ন্ত্রণে থাকবে।
ট্রাম্প বলেন, জর্জিয়ার ভোটাররা নির্ধারণ করবে কোন দল সকল কমিটি নিয়ন্ত্রণ করবে।তিনি বলেন, ‘আপনার শিশু কি সমাজতান্ত্রিক দেশে নাকি একটি স্বাধীন দেশে বেড়ে উঠবে সে সিদ্ধান্ত আপনি নেবেন।’
Lohagaranews24 Your Trusted News Partner