
নিউজ ডেক্স : চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান এম এ সালাম এক বিবৃতিতে হালদা নদী, হাটহাজারী ও রাউজান উপজেলাকে ভয়াবহ দূষণ থেকে রক্ষা করার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন। গতকাল শুক্রবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই আহ্বান জানান।
বিবৃতিতে এম এ সালাম বলেন, দীঘদিন ধরে শিল্পবর্জ্যের কারণে হালদা নদী ও হাটহাজারী উপজেলার শিকারপুর, বুড়িশ্চর, উত্তর ও দক্ষিণ মাদার্শা, চিকনদণ্ডী, ফতেপুর, মেখল ও গড়দুয়ারা ইউনিয়নের ফসলের মাঠ, খাল, পুকুর ও অন্যান্য জলাশয় ব্যাপক দূষণের শিকার হয়ে আসছে।

এ ব্যাপারে বন ও পরিবেশ মন্ত্রণালয়, পরিবেশ অধিদপ্তর, জেলা ও উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট সব প্রশাসনের কাছে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য বহুবার দাবি জানানোর পরও কোনো ফল পাওয়া যায়নি। সাম্প্রতিক ভয়াবহ বন্যায় এ দূষণের মাত্রা আরো বেড়ে গিয়ে হালদা নদী, হাটহাজারী ও রাউজান উপজেলার বিস্তীর্ণ অঞ্চলে ছড়িয়ে পড়েছে। বিষাক্ত পানিতে মাছ মরে ভেসে উঠছে এবং দূষিত পানি এলাকায় দুর্গন্ধ ছড়াচ্ছে। কৃষিকাজের জন্য মানুষ জমিতে নামতে পারছে না। এ অবস্থায় দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি তিনি আহ্বান জানান।
অন্যথায় ভুক্তভোগী জনগণ সংশ্লিষ্ট প্রশাসন ঘেরাও করে দাবি আদায় করতে বাধ্য হবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
Lohagaranews24 Your Trusted News Partner