
এলনিউজ২৪ডটকম: সৌদি আরবে রাস্তা পারপারের সময় প্রাইভেট কারের ধাক্কায় আকতার হোসেন (৩৫) নামে লোহাগাড়ার এক যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৮ এপ্রিল) বাংলাদেশ সময় দিনগত রাত আড়াইটার দিকে আবহা শহরের মাহাইলের বারেক নামক এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত আকতার হোসেন উপজেলার পদুয়া ইউনিয়নের ৩ নাম্বার ওয়ার্ডের মেহের আলী মুন্সি পাড়ার মুহাম্মদ শফির পুত্র ও ২ সন্তানের জনক।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, আকতার হোসেন জীবিকার তাগিদে প্রায় ৪ বছর আগে সৌদি আরব যান। সেখানে তিনি প্রসাধন সামগ্রীর ব্যবসা করতেন। ঘটনারদিন ব্যবসায়িক কাজে বের হয়ে রাস্তা পার হচ্ছিলেন তিনি। এ সময় দ্রুত গতির কালো রংয়ের একটি প্রাইভেট কার তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। শনিবার সকালে আকতার হোসেনের মৃত্যু বিষয়টি সেখানে অবস্থানরত নিকটাত্মীয়দের মাধ্যমে দেশের স্বজনরা জেনেছেন। সর্বশেষ তিনি গতো বছর দেশে ছুটি কাটিয়ে প্রবাসে কর্মস্থলে ফিরে যান। এরআগে জীবিকার তাগিদে আকতার হোসেন প্রায় ৮ বছর দক্ষিণ আফ্রিকায় ছিলেন।
স্থানীয় ইউপি সদস্য মো. এহছান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আকতার হোসেনের পরিবারের মাধ্যমে তার মৃত্যুর সংবাদ শুনেছেন। নিহতের মরদেহ দেশে আনা কিংবা সেখানে দাফনের ব্যাপারে ইউনিয়ন পরিষদ থেকে সব ধরণের সহযোগিতা করা হবে। এদিকে, আকতার হোসেনের মৃত্যুর খবর দেশে পৌঁছলে স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে আসে।
Lohagaranews24 Your Trusted News Partner