
নিউজ ডেক্স : সাতকানিয়ায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটর সাইকেল আরোহী চট্টগ্রাম মেডিকেল কলেজের এক ইন্টার্নি ডাক্তার নিহত হয়েছেন। গতকাল ২৩ জানুয়ারি বুধবার রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়াস্থ হাসমতের দোকান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ডা. জুবাইদুল হক ফাহাদ (২৮) চট্টগ্রাম নগরীর চান্দগাঁও এলাকার নুরুল হক ঠিকাদারের বাড়ির মনজুরুল হকের পুত্র।

পুলিশ জানায়, গতকাল রাত পৌনে ১০ টার দিকে হানিফ পরিবহনের কক্সবাজারমুখী একটি যাত্রীবাহী বাস (নং- ঢাকামেট্রো ব- ১৪-৪৯৫৭) চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া অংশের হাসমতের দোকান এলাকায় চট্টগ্রামমুখী একটি মোটর সাইকেলকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এসময় মোটর সাইকেল আরোহী চট্টগ্রাম মেডিকেল কলেজের ইন্টার্নি ডাক্তার জুবাইদুল হক ফাহাদ মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলে মারা যান। ঘটনার দিন তিনি কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প থেকে ফিরছিলেন।
এদিকে, ঘাতক বাসের চালক চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়াস্থ পদুয়া এলাকায় রাস্তার পাশে গাড়ি রেখে পালিয়ে যায়। ঘটনার খবর পেয়ে দোহাজারী হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করেন। পরে লোহাগাড়ায় পদুয়া থেকে বাসটি আটক করে থানায় নিয়ে আসে।
দোহাজারী হাইওয়ে থানার এসআই মো. শামসুল হক জানান, নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ঘাতক বাসটিও আটক রয়েছে।
Lohagaranews24 Your Trusted News Partner