
নিউজ ডেক্স : নড়াইলের লোহাগড়ায় কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ৮ম শ্রেণি পড়ুয়া এক স্কুলছাত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেছে দু’বখাটে। ছাত্রীকে হাতুড়িপেটা করার অভিযোগে কাবুল জমাদ্দার (২১) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। আহত ওই ছাত্রীকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আটক কাবুল লাহুড়িয়া দ্বীননাথ পাড়ার আজিজার জমাদ্দারের ছেলে।
পুলিশ জানায়, ওই ছাত্রীকে প্রায়ই প্রেম নিবেদনসহ কুপ্রস্তাব দিতো দ্বীননাথ পাড়ার আজমল হোসেনের বখাটে ছেলে ওবায়দুর রহমান (২২) ও আজিজার জমাদ্দারের ছেলে কাবুল জমাদ্দার (২১)। শনিবার ওই ছাত্রী বাড়ি থেকে কোচিংয়ে যাওয়ার পথে তারা পথরোধ করে হাতুড়ি দিয়ে এলোপাতাড়িভাবে পিটিয়ে গুরুতর আহত করে। স্থানীয় লোকজন মুমূর্ষ অবস্থাায় তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করে।

নড়াইলের পুলিশ সুপার জসিম উদ্দিন বলেন, কাবুলকে আটক করা হয়। অপর অভিযুক্ত ওবায়দুরকে আটকের জোর চেষ্টা চলছে।
এ দিকে লোহাগড়া থানার ওসি প্রবীর কুমার বিশ্বাস আরো জানান, এ ব্যাপারে লোহাগড়া থানায় মামলা দায়ের হয়েছে।
Lohagaranews24 Your Trusted News Partner