
এলনিউজ২৪ডটকম : চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার চুনতি খানদিঘী এলাকায় ১২ জানুয়ারী দুপুর ১২টায় চট্টগ্রাম অভিমুখী একটি প্রাডো গাড়িতে তল্লাশী চালিয়ে ২০ হাজার পিচ ইয়াবা ও গাড়ি চালককে আটক করেছে লোহাগাড়া থানা পুলিশ। উদ্ধারকৃত ইয়াবার মূল্য ৪০ লাখ টাকা বলে জানিয়েছে থানা পুলিশ। আটককৃত গাড়ি চালক মোশারফ হোসেন (৩৮) কুমিল্লার তিতাস উপজেলার জগদপুর কনাইনগর এলাকার মৃত মুসলিম উদ্দিনের পুত্র।
অভিযান পরিচালনা করেন লোহাগাড়া থানার এসআই মুহাম্মদ সোলাইমান পাটোয়ারী। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে (ঢাকামেট্রো ঘ ১১-১৬০৭) প্রাডো গাড়িতে তল্লাশী করে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।

আটককৃত ড্রাইভার মোশারফ বলেন, গাড়িটি ডাঃ রবিউল ইসলামের মালিকানাধীন। গত ১১ জানুয়ারী ভাড়ায় ঢাকা হতে কক্সবাজার আসছিল। ১২ জানুয়ারী যাত্রী ছাড়া ঢাকায় যাওয়ার সময় লোহাগাড়া থানা পুলিশের হাতে আটক হয়। পাচারকৃত ইয়াবাগুলো কার তিনি জানেনা।
এ ব্যাপারে লোহাগাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
Lohagaranews24 Your Trusted News Partner