
এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ার চুনতিতে সড়কের পাশে পাওয়া অজ্ঞাত নারীর মরদেহের পরিচয় পাওয়া গেছে।
নিহতের নাম ছুফিয়া খাতুন (৬০)। সে পার্বত্য লামা উপজেলার আজিজ নগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সাহেব আলী পাড়ার মৃত আবদুল হাকিমের স্ত্রী। রোববার (৯ জুন) রাত সাড়ে ১১টার দিকে স্বজনরা থানায় এসে মরদেহের পরিচয় সনাক্ত করেন।

স্থানীয় ইউপি সদস্য মো. নিজাম উদ্দিন জানান, ছুফিয়া খাতুন একজন মানসিক ভারসাম্যহীন নারী। সে প্রায় সময় বাড়ি থেকে বের হয়ে যায়। বিভিন্ন স্থানে ঘুরাফেরা করতে দেখা যায়। তার একটি সন্তান রয়েছে। তিনিও মানসিক ভারসাম্যহীন।
লোহাগাড়া থানার এসআই সত্যজিত ভৌমিক জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধারের পর পরিচয় সনাক্ত করতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়। পরে নিহতের স্বজনরা থানায় এসে মরদেহের পরিচয় সনাক্ত করেন। পরে স্বজনদের আবেদনের প্রেক্ষিতে ওই নারীর মরদেহ ময়নাতদন্ত ছাড়া হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, রোববার (৯ জুন) সন্ধ্যা ৬টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে উপজেলার চুনতি ইউনিয়নের জাঙ্গালিয়া এলাকা থেকে এক অজ্ঞাতনামা নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ।
Lohagaranews24 Your Trusted News Partner