Home | ব্রেকিং নিউজ | লোহাগাড়ায় লাঠির আঘাতে বৃদ্ধ নিহতের ঘটনায় মামলা, প্রধান আসামি গ্রেপ্তার

লোহাগাড়ায় লাঠির আঘাতে বৃদ্ধ নিহতের ঘটনায় মামলা, প্রধান আসামি গ্রেপ্তার

এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় লাঠির আঘাতে মাহমুদুল হক (৬৬) নামে এক বৃদ্ধ নিহতের ঘটনায় ৪ জনকে এজাহারভূক্ত আসামি করে থানায় মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাতে নিহত বৃদ্ধের পুত্র মিজানুর রহমান (২৬) বাদী হয়ে এই মামলা করেন। এতে ৫/৬ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। নিহত মাহমুদুল হক উপজেলার পদুয়া ইউনিয়নের ৬ নাম্বার ওয়ার্ডের আলী সিকদার পাড়ার মৃত চাঁন মিয়ার পুত্র।

একইদিন রাত সাড়ে ৮টার দিকে অভিযান চালিয়ে পার্বত্য লামা থানাধীন কেয়াজুপাড়া যাওয়ার পথে লোহাগাড়ার পুটিবিলা ইউনিয়নের সীমান্ত এলাকা থেকে ঘটনার প্রধান আসামি মজিবুর রহমানকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি একই এলাকার মৃত মোহাম্মদ আলীর পুত্র ও নিহত বৃদ্ধের ভাতিজা।

জানা যায়, মাহমুদুল হকের সাথে তার বড় ভাই মৃত মুহাম্মদ আলীর পরিবারের সদস্যদের বাড়ির পাশের একটি জায়গা নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছে। ঘটনারদিন সকালে মুহাম্মদ আলীর দুই পুত্র মুজিবুর রহমান ও মোস্তাফিজুর রহমান ওই জায়গায় ঘর নির্মাণ কাজ শুরু করেন। খবর পেয়ে চাচা মাহমুদুল হক স্থানীয় পদুয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান লেয়াকত আলীকে সাথে নিয়ে ঘটনাস্থলে যান। এই সময় কথা কাটাকাটির এক পর্যায়ে মুজিবুর রহমান, মোস্তাফিজুর রহমান, মো. শাকিল ও মাঈন উদ্দিন লাঠি দিয়ে আঘাত করেন। এতে বৃদ্ধ মাহমুদুল হক গুরতর আহত হন। পরে মৃত্যুর কোলে ঢলে পড়েন।

এদিকে, বুধবার বিকেলে ময়নাতদন্ত শেষে নিহত বৃদ্ধ মাহমুদুল হকের মরদেহ বাড়িতে পৌঁছলে স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে আসে। একইদিন সন্ধ্যায় নামাজে জানাজা শেষে তাকে সামাজিক কবরস্থানে দাফন করা হয়েছে।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, বুধবার (২৬ ফেব্রুয়ারি) গ্রেপ্তার মজিবুর রহমানকে আদালতে সোপর্দ করা হয়েছে। ঘটনার সাথে জড়িত অন্যদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!