
এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় ভিক্ষুকের ছদ্মবেশে চুরির ঘটনায় তসলিমা আক্তার (৩৫) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ৪ লাখ ৫১ হাজার নগদ টাকা ও প্রায় ৪ ভরি ওজনের স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে।
রোববার (২৫ আগস্ট) দিনগত রাত ২টার দিকে সাতকানিয়া উপজেলার কালিয়াইশ ইউনিয়নের পূর্ব কাঠগড় বাদশার বাপের বাড়ির একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তসলিমা আক্তার মৃত জয়নাল আবেদীনের স্ত্রী ও তিনি দীর্ঘদিন যাবত ভিক্ষুক সেজে বিভিন্ন এলাকায় চুরি করে আসছেন।

জানা যায়, গত ২১ আগস্ট উপজেলার কলাউজান ইউনিয়নের ১ নাম্বার ওয়ার্ডের হিন্দুর হাট এলাকায় প্রবাসী হাফেজ আহমদের স্ত্রী খাদিজাতুল কোবরা রাফি (২৪) কক্সবাজার জেলার চকরিয়া এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানে যাওয়ার জন্য আমিরাবাদ স্টেশনস্থ মুনস্টার নামক দোকানের সামনে বাসের জন্য অপেক্ষা করছিলেন। এ সময় অজ্ঞাতনামা এক ভিক্ষুক তাদের নিকট ভিক্ষা চাইতে আসে। ভিক্ষুকদের একজন প্রবাসীর স্ত্রীর সাথে থাকা এক মহিলাকে উস্কানিমূলক কথা বলে ক্ষিপ্ত করে। এতে তাদের মধ্যে বাকবিতন্ডা হয়। প্রবাসীর স্ত্রী বিষয়টি মীমাংসা করতে গেলে ভিক্ষুক তসলিমা সুকৌশলে তার কাঁধে থাকা ব্যাগের চেইন খুলে প্রায় দুই ভরি ওজনের স্বর্ণালঙ্কার (দুই জোড়া কানের দুল ও একটি আংটি) নিয়ে পালিয়ে যায়। পরে অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। এরপর গত ২৫ আগস্ট ভুক্তভোগী খাদিজাতুল কোবরা রাফি অজ্ঞাতনামা চোরদের আসামি করে লোহাগাড়া থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পরই থানা পুলিশ ঘটনাস্থল থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তথ্য-প্রযুক্তির সহায়তায় তসলিমা আক্তারকে শনাক্ত পূর্বক তাকে গ্রেপ্তার করতে সক্ষম হন।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, তসলিমা আক্তার একজন পেশাদার চোর। তিনি ভিক্ষুকের ছদ্মবেশে দীর্ঘদিন যাবত এসব কর্মকান্ড করে আসছে। মামলার পরিপ্রেক্ষিতে সিসিটিভি ফুটেজ ও তথ্য-প্রযুক্তির সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তসলিমার বাসা থেকে নগদ ৪ লাখ ৫১ হাজার টাকা এবং ৩ ভরি ১১ আনা, ২ রতি স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে। এর মধ্যে রয়েছে পাঁচটি স্বর্ণেল আংটি, দুটি স্বর্ণের চেইন, ৪ জোড়া স্বর্ণের কানের দুল ও দুটি নাকফুল। উদ্ধারকৃত স্বর্ণালংকারের মধ্যে একজোড়া কানের দুল ও একটি আংটি ভুক্তভোগী প্রবাসীর স্ত্রীর বলে শনাক্ত করেছেন। মঙ্গলবার (২৬ জুলাই) তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
Lohagaranews24 Your Trusted News Partner