Home | ব্রেকিং নিউজ | লোহাগাড়ায় বিদ্যালয়ের বাউন্ডারী ওয়াল ও গেট নির্মাণে দীর্ঘসূত্রিতা

লোহাগাড়ায় বিদ্যালয়ের বাউন্ডারী ওয়াল ও গেট নির্মাণে দীর্ঘসূত্রিতা

এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ার আধুনগরে দক্ষিণ আধুনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বাউন্ডারী ওয়াল ও প্রধান গেট নির্মাণ কাজে দীর্ঘসুত্রিতার কারণে শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে চরম উদ্বেগ দেখা দিয়েছে। বিশেষ করে বিদ্যালয়টি আসন্ন জাতীয় নির্বাচনে ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত হবে। যার ফলে নিরাপত্তা নিয়ে তৈরি হয়েছে গুরতর শংকা।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন আগে বিদ্যালয়ের বাউন্ডারী ওয়াল ও প্রবেশ পথে গেট নির্মাণের কাজ শুরু হলেও এখনো পর্যন্ত তা সম্পূর্ণ হয়নি। সংশ্লিষ্ট কাজের ঠিকাদার অর্ধেক কাজ করেই ফেলে রেখেছে। ফলে বিদ্যালয় চত্বর কার্যত উন্মুক্ত অবস্থায় রয়েছে। এছাড়া নির্মাণ কাজে এমন গড়িমসির কারণে বিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম যেমন ব্যাহত হচ্ছে, তেমনি ভোটকেন্দ্র হিসেবে ব্যবহারের ক্ষেত্রে এটি মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। নিরাপত্তা বেষ্টনী না থাকায় বহিরাগত অনুপ্রবেশ, বিশৃঙ্খলা ও অনাকাক্সিক্ষত ঘটনার আশংকা করছেন স্থানীয় ভোটাররা। ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করা প্রশাসনের একটি মৌলিক দায়িত্ব। অথচ গুরুত্বপূর্ণ এই বিদ্যালয়ের নির্মাণকাজ ঝুলে থাকা দায়িত্বহীনতারই প্রতিচ্ছবি। দ্রুত কাজ সম্পন্ন করে বিদ্যালয় ও ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

উপজেলা এলজিইডি অফিস সূত্রে জানা যায়, ২০২৩-২৪ অর্থ বছরে এক প্যাকেজে দক্ষিণ আধুনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ ৪টি বিদ্যালয়ের বাউন্ডারী ওয়াল ও গেট নির্মাণ কাজ পান মফিজ এন্ড সন্স নামে একটি ঠিকাদারী প্রতিষ্ঠান। ওই প্যাকেজের বরাদ্দ ৫১ লাখ ৬৫ হাজার ৯৭০ টাকা। ২০২৪ সালের ১৮ অক্টোবরের মধ্যে কাজ শেষ করার কথা ছিল। কিন্তু এখনো পর্যন্ত কাজ শেষ হয়েছে ৫৫ ভাগ।

বুধবার (৭ জানুয়ারি) সরেজমিনে দেখা যায়, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের আধুনগর হাতিয়ারপুল স্টেশন থেকে অভ্যন্তরীন সড়ক দিয়ে সামান্য পূর্ব দিকে গেলেই বিদ্যালয়ের অবস্থান। দীঘদিন ধরে অসমাপ্ত অবস্থায় পড়ে আছে বিদ্যালয়ের বাউন্ডারী ওয়াল ও মূলফটক গেট। যার ফলে বিদ্যালয় চত্বরটি পুরোপুরি উন্মুক্ত। এতে বিদ্যালয়টি নিরাপত্তা ঝুঁকির মধ্যে রয়েছে। যেকোনো সময় অনাকাক্সিক্ষত ঘটনা ঘটতে পারে। বিশেষ করে ভোটকেন্দ্র হিসেবে ব্যবহার হবে এই বিদ্যালয়। তাই জনসাধারণ ও ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা এক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবহেলা ও গাফিলতি জন্য ক্ষোভ প্রকাশ করেছেন এবং দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন।

একাধিক অভিভাবক জানান, বিদ্যালয়ে ছোট ছোট ছেলে-মেয়েরা লেখাপড়া করে। বিদ্যালয়ের বাউন্ডারী ওয়াল ও প্রধান ফটকে গেটের নির্মাণ কাজ অসমাপ্ত অবস্থায় পড়ে আছে। যার ফলে নিরাপত্তাহীনতা সবসময় চোখে পড়ে। আর নির্বাচন হলে তো পরিস্থিতি আরো ভয়াবহ হতে পারে। অবিলম্বে বাউন্ডারী ওয়াল ও গেট নির্মাণ কাজ শেষ না হলে যেকোনো সময় অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হতে পারে। যার দায় এড়ানো সম্ভব হবে না। জনস্বার্থে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা।

কাজের দীর্ঘসূত্রিতার ব্যাপারে জানতে ঠিকাদার মো. মফিজের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। তাই এই বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাদের জানান, বাউন্ডারী ওয়াল ও গেট নির্মাণের কাজ অনেক আগেই শুরু হলেও এখনো পর্যন্ত তা সম্পূর্ণ হয়নি। একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। কিন্তু কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। যার ফলে চরম নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছি। বিদ্যালয়টি ভোটকেন্দ্র হওয়ায় নির্বাচনকালে শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষা করাও কঠিন হয়ে পড়বে।

লোহাগাড়া উপজেলা প্রকৌশলী কার্যালয়ের উপ-সহকারী প্রকৌশলী মো. মঈনুল ইসলাম জানান, ওই কাজের মূল ঠিকাদার নোয়াখালী এলাকার বাসিন্দা। স্থানীয় এক ঠিকাদারকে এসব কাজ তদারকীর দায়িত্ব দিয়েছিলেন। কিন্তু ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে সরকার পতনের পর তদারকীর দায়িত্বে থাকা ব্যক্তি পালিয়ে গেছেন। যার কারণে বাউন্ডারী ওয়াল ও গেট নির্মাণ কাজ বন্ধ রয়েছে। ইতোমধ্যে উক্ত কাজের মূল ঠিকাদারের সাথে যোগাযোগ করার হয়েছে। আশা করছি দ্রুত বাকি কাজ সম্পন্ন হয়ে যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!