Home | ব্রেকিং নিউজ | লোহাগাড়ায় বিদ্যালয়ের জায়গা দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ

লোহাগাড়ায় বিদ্যালয়ের জায়গা দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ

এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় পদুয়া ওয়ার্ড বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জায়গা দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ পাওয়া গেছে।

এ বিষয়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অলক কান্তি দাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে লিখিত অভিযোগ করেছেন। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে সরেজমিনে গিয়ে ঘটনার সত্যতা পাওয়া গেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, ১৯৭০ ও ১৯৮৭ সালে দুটি দলিলের মাধ্যমে পদুয়া গুপ্ত এস্টেটের ওয়ারিশরা ১০০ শতক জমি বিদ্যালয়কে দান করেন। সম্প্রতি স্থানীয় একটি প্রভাবশলী মহল বিদ্যালয়ের জায়গা জোরপূর্বক দখল করে তিনটি দোকানঘর নির্মাণ করেন। পরে বিদ্যালয়ের খালি জায়গার গাছপালা কেটে সাবাড় করে ফেলেন। গত ১১ সেপ্টেম্বর থেকে প্রভাবশালীরা বিদ্যালয়ের জায়গায় আরো স্থাপনা নির্মাণ করার চেষ্টা করছেন।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অলক কান্তি দাশ জানান, গুপ্ত এস্টেটের ওয়ারিশগণ বিদ্যালয়কে জায়গার দখল বুঝিয়ে দিয়েছিলেন। ওই জায়গা বিদ্যালয়ের দখলেও রয়েছে। হঠাৎ করে একটি প্রভাবশালী মহল রাতের আঁধারে ঘেরাও করে বিদ্যালয়ের জায়গা দখল করে ফেলেন। তারা আগেও এই ধরণের কাজ করেছেন। তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেয়ার দাবি জানান।

লোহাগাড়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইবনে মাসুদ রানা জানান, বিদ্যালয়ের জায়গা একটি প্রভাবশালী মহল অবৈধভাবে দখল করার বিষয়টি অবগত হয়েছি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবগত করা হয়েছে।

লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম জানান, বিদ্যালয়ের জায়গায় স্থাপনা নির্মাণের কাজ বন্ধ করে দেয়া হয়েছে। এছাড়া যারা স্থাপনা নির্মাণ করছেন তাদের কোনো বক্তব্য থাকলে কাগজপত্র দাখিল করতে বলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!