Home | ব্রেকিং নিউজ | লোহাগাড়ায় বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে র‌্যালী ও সমাবেশ

লোহাগাড়ায় বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে র‌্যালী ও সমাবেশ

এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও সমাবেশের আয়োজন করা হয়েছে।

বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা বিএনপি, সহযোগী ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত র‌্যালীটি আমিরাবাদ রাজঘাটা এলাকা থেকে শুরু হয়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক প্রদক্ষিণ শেষে সদর ইউনিয়নের এক হাইওয়ে রেস্টুরেন্ট চত্বরে গিয়ে শেষ হয়।

সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আসহাব উদ্দিন চৌধুরী। দক্ষিণ জেলা বিএনপির সদস্য নাজমুল মোস্তফা আমিন ও এস এম ছলিম উদ্দিন খোকন চৌধুরী বিশেষ অতিথির বক্তব্য রাখেন। এ সময় উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য সাজ্জাদুর রহমান, সালাউদ্দিন চৌধুরী সোহেল ও ফৌজুল কবির ফজলু। এছাড়া উপজেলা বিএনপি, অঙ্গ এবং সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী র‌্যালী ও সমাবেশে অংশগ্রহণ করেন।

সমাবেশে বক্তারা বলেন, এই দেশে একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় শাসন ব্যবস্থা চালু করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল হচ্ছে বিএনপি। নানা সময়ে ষড়যন্ত্র, বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে ফ্যাসিস্ট সরকারের দেড় লক্ষ মামলা, হামলা, নির্যাতন চালিয়েও বিএনপিকে দমিয়ে রাখা যায়নি। বিএনপির জনপ্রিয়তা দিন দিন বেড়েছে।

বক্তারা আরো বলেন, সারাদেশে বিএনপির গণজোয়ার সৃষ্টি হয়েছে। বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে তা স্পষ্টভাবে ফুটে উঠেছে। আশা করছি আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়ে বিএনপি সরকার গঠন করবে। আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে অনেক কঠিন। নির্বাচন বানচাল করতে নানা ষড়যন্ত্র চলছে। একটি গুপ্ত দল বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এ ষড়যন্ত্র প্রতিহত করে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দিকে এগিয়ে যেতে হবে। ধানের শীষের বিজয় নিশ্চিত করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে করার আহবান জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!