Home | ব্রেকিং নিউজ | লোহাগাড়ায় ইউএনও’র গণশুনানি: সমাধানে আসছে নানা সমস্যা, কমছে দুর্ভোগ

লোহাগাড়ায় ইউএনও’র গণশুনানি: সমাধানে আসছে নানা সমস্যা, কমছে দুর্ভোগ

মোহাম্মদ মারুফ: লোহাগাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে নিয়মিত গণশুনানি চালু হওয়ায় সাধারণ মানুষের দীর্ঘদিনের ভোগান্তি অনেকাংশ কমে এসেছে। এতে একদিকে যেমন জনদুর্ভোগ কমছে, অন্যদিকে প্রশাসনের প্রতি মানুষের আস্থাও দৃঢ় হচ্ছে। সরাসরি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে অভিযোগ ও সমস্যার কথা উপস্থাপন করতে পারায় সেবা প্রাপ্তির প্রক্রিয়া সহজ ও দ্রুত হচ্ছে বলে জানিয়েছেন ভূক্তভোগীরা।

জানা যায়, গণশুনানি জনস্বার্থ সংক্রান্ত সমস্যা, অভিযোগ বা মতামত সাধারণ মানুষের সামনে প্রকাশ করা হয়। যা কর্তৃপক্ষ শুনেন এবং সম্ভব হলে তাৎক্ষণিক বা সরেজমিনে সমাধান করেন। এটি সেই প্রক্রিয়া যেখানে প্রচলিত দাপ্তরিক বা আইনি ঝামেলা ও দীর্ঘসময় এড়িয়ে দ্রুত সমাধান নিশ্চিত করা হয়।

উপজেলা নির্বাহী কার্যালয় সূত্রে জানা যায়, প্রতিদিন ফোন, ম্যাসেজ, সরাসরি সাক্ষাত ও লিখিতভাবে অনেক অভিযোগ পান। এরমধ্যে অনেক সমস্যার তাৎক্ষণিক সমাধান করা হয়। আর বাকি অভিযোগ প্রতি বুধবার আয়োজিত গণশুনানি মাধ্যমে নিষ্পত্তি করা হয়। চলতি সনের ১৫ জুলাই উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন মো. সাইফুল ইসলাম। এরপর থেকে ৬১টি সমস্যা নিয়ে গণশুনানী করা হয়েছে। নিস্পত্তি করা হয়েছে ৪০টি। তদন্তাধীন রয়েছে ১১টি। কার্যক্রম চলমান রয়েছে ১০টির। গণশুনানির মাধ্যমে সমাধান হওয়া সমস্যার মধ্যে রয়েছে জমি সংক্রান্ত দ্বন্দ্ব নিরসন, মসজিদ ও বিভিন্ন প্রতিষ্ঠানের দীর্ঘদিনের মতবিরোধ মেটানো ও সামাজিক সম্প্রীতি বজায় রাখা।

বুধবার (১৭ ডিসেম্বর) গণশুনানি কার্যক্রম সরেজমিনে দেখা যায়, সকাল থেকে শুরু হওয়া এই গণশুনানি চলেছে দুপুর পর্যন্ত। এতে শিক্ষাপ্রতিষ্ঠান ও জায়গা সংক্রান্ত দ্বন্দ্বসহ বিভিন্ন সমস্যার কারণে আসা উভয় পক্ষের বক্তব্য শুনেছেন ইউএনও। অভিযোগগুলো মনোযোগ দিয়ে শুনার পর কার্যকর সমাধানও প্রদান করা হয়েছে। যা ভুক্তভোগীদের মধ্যে স্বস্তিব ফিরিয়ে এনেছে। এছাড়া জনদুর্ভোগ সমাধানে সরেজমিনে গিয়ে সরাসরি সমস্যার সমাধান করা ও স্থানীয়দের স্বস্তি ফিরিয়ে আনার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার ভূমিকাকে স্থানীয়রা প্রশংসা করছেন।

গণশুনানিতে উপকারভোগী নাছির উদ্দিন জানান, আমাদের জায়গা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। স্থানীয়ভাবে বহু চেষ্টা করেও সমাধান সম্ভব হয়নি। পরে ইউএনও’র কাছে লিখিত অভিযোগ দিলে তিনি উভয় পক্ষের বক্তব্য শুনে সহজেই দীর্ঘদিনের সমস্যা সমাধান করে দেন। এতে আমরা খুবই সন্তুষ্ট।

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও লোহাগাড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি আসহাব উদ্দিন চৌধুরী জানান, এই ধরণের গণশুনানি স্থানীয় প্রশাসনের সাথে জনগণের দূরত্ব কমাতে গুরুত্বপুর্ণ ভূমিকা রাখছে। নিয়মিত ও কার্যকরভাবে গণশুনানি চালু থাকলে লোহাগাড়ায় জনদুর্ভোগ আরো কমবে এবং প্রশাসনিক সেবায় ইতিবাচক পরিবর্তন আসবে। সবমিলিয়ে লোহাগাড়ায় ইউএনও’র গণশুনানি এখন সাধারণ মানুষের আস্থার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। যেখানে কথা বলার সুযোগ মিলছে, আর সেই কথার বাস্তব প্রতিফলনও দেখা যাচ্ছে।

লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম জানান, গণশুনানির মুল লক্ষ্য হচ্ছে জনগণের সমস্যা জনগণের সামনে স্বচ্ছতার সাথে সমাধান করা। এতে অনিয়ম কমে, জবাবদিহিতা বাড়ে ও দালালচক্রের দৌরাত্ম্য হ্রাস পায়। জনগণ যেন সঠিক সময়ে সঠিক সেবা পায়, সেই লক্ষ্যেই এই উদ্যোগ অব্যাহত থাকবে। গণশুনানিতে পাওয়া অভিযোগগুলোর তালিকা সংরক্ষণ করা হচ্ছে। যেসব সমস্যা তৎক্ষণিক সমাধান সম্ভব নয়, সেগুলোর অগ্রগতি নিয়মিত মনিটরিং করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!