
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়া চুনতি দারগা পাড়ার বাসভবনে বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম (৭৭) গত ২ এপ্রিল রাতে ইন্তেকাল করেছেন (ইন্নানিল্লাহে……..রাজেউন)। তাঁকে আজ ৩ এপ্রিল সকালে স্থানীয় হাফেজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে জানাজা শেষে সন্নিহিত কবরস্থানে দাফন করা হয়েছে। এ বীর লোহাগাড়ার জমিদার পাড়ার মরহুম আবদুল ছালামের পুত্র। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ পুত্র, ৪ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মাওলানা কাজী নাছির উদ্দিন তাঁর নামাজে জানাজায় ইমামতি করেন।
লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি চৌকষ দল এ বীরকে রাস্ট্রীয় মর্যাদায় সালাম প্রদান করেন। এসআই আবদুল আউয়াল প্যারেড পরিচালনা করেন। লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুব আলম, লোহাগাড়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আকতার আহমদ সিকদার, যুদ্ধকালীন গ্রুপ কমান্ডার মোস্তফিজুর রহমান চৌধুরীসহ এলাকার মুক্তিযোদ্ধাবৃন্দ উপস্থিত ছিলেন।

মরহুমের মৃত্যুতে মুক্তিযোদ্ধা সাংবাদিক নুরুল ইসলাম, মুক্তিযোদ্ধা সাংবাদিক মোঃ জামাল উদ্দিন, চুনতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে। তারা শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মরহুমের রূহের মাগফেরাত কামনা করেছেন।
Lohagaranews24 Your Trusted News Partner