
নিউজ ডেক্স : মহেশখালীতে কাঁচা বাড়ির মাটির দেয়াল চাপা পড়ে এক শিশু কন্যা নিহত হয়েছে। নিহত শিশুর নাম সোমাইয়া আক্তার (১১)। এ ঘটনায় তার মা ও এক ভাইও আহত হয়েছে।
বুধবার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টায় উপজেলার কালারমার ছড়া ইউনিয়নের আঁধার ঘোনা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সোমাইয়া আঁধার ঘোনা গ্রামের আবদুল গফুরের মেয়ে।

কালারমার ছড়া ইউপি চেয়ারম্যান তারেক বিন ওসমান শরীফ জানান, প্রবল বর্ষণের কারণে আঁধার ঘোনা পাহাড়ি এলাকার আব্দুল গফুরের মাটির ঘরের চারদিক পানিবন্দি হয়ে পড়ে। ফলে কাঁচা মাটির দেয়াল ধসে শিশুর মৃত্যু হয়েছে। এ সময় নিহত সোমাইয়ার ছোট ভাই রিয়াদ (১০) ও মা পারভীন আক্তার আহত হয়েছে।
আহতদের চকরিয়া জমজম হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার খবর পেয়ে মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জামিরুল ইসলাম ও কালারমার ছড়া ইউপি চেয়ারম্যান তারেক বিন ওসমান শরিফ ঘটনাস্থল পরিদর্শন করেন।
Lohagaranews24 Your Trusted News Partner