
নিউজ ডেক্স : চট্টগ্রাম সিটির সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী স্মরণে আয়োজিত শোকসভার পর স্থানীয় ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। তাতে আহত হয়েছে অন্তত পাঁচজন।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় নগরের পাঁচলাইশ থানার বিবিরহাট কাঁচাবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন মোহাম্মদ রুবেল (২৬), আলমগীর হোসেন (২২), নাজিম সানি (২৫), আরিফ (২২) ও সকাল (২৩)।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক মো. আমির জানান, আহতরা হাসপাতালের ক্যাজুয়ালটি বিভাগে ভর্তি আছেন। তাঁদের আঘাত গুরুতর নয়।
নগরের পশ্চিম ষোলশহর ওয়ার্ডের কাউন্সিলর মোবারক আলী বলেন, ‘রহমানিয়া স্কুলে শোকসভা ছিল। সভা শান্তিপূর্ণভাবে শেষ করে আমরা সভাস্থল ছেড়ে যাই। পরে খবর পাই, সভা থেকে ফেরার পথে বিবিরহাট কাঁচাবাজার এলাকায় ছাত্রলীগের মিন্টু কুমার দের অনুসারীদের ওপর খোরশেদের অনুসারীরা হামলা চালিয়েছে। ‘
পাঁচলাইশ থানার ওসি মহিউদ্দিন মাহমুদ বলেন, ‘আমাদের কাছে হামলা বা মারামারির কোনো তথ্য নেই। শোকসভা কোনো ঝামেলা ছাড়াই সম্পন্ন হয়েছে। -কালের কণ্ঠ
Lohagaranews24 Your Trusted News Partner