
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের কুমিরাঘোনা গ্রামের লালমতি বাপের কাটা পাহাড় এলাকায় ২১ ডিসেম্বর সকালে দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে এক যুবক খুন হয়েছে। নিহত যুবক মোজাম্মেল হক (৩০) কুমিরাঘোনা গ্রামের মৃত মফজলুর রহমান সওদাগরের পুত্র ও এক কন্যা সন্তানের জনক।
স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা যায়, নিহত মোজাম্মেল সকালে এলাকার বনাঞ্চলে একটি বাগানে কর্মরত মজুরদের জন্য চা-নাস্তা নিয়ে গিয়েছিলেন। বাগান থেকে ফেরার পথে ঘটনাস্থলে উৎপেতে থাকা দুর্বৃত্তরা তাকে মাথার পেছনে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে গা ঢাকা দেয়। এতে সে চিৎকার করে মাটিতে লুটে পড়ে। চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে লোহাগাড়া উপজেলা সদরের একটি বেসরকারী হাসপাতালে নিয়ে আসেন। ডাক্তার পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করলেও স্বজনরা মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় বলে জানা গেছে।

স্থানীয়রা, দীর্ঘদিন থেকে এলাকায় ২/৩টি গ্র“প পাহাড়ি সম্পদের দখল-বেদখল ও আধিপত্য বিস্তার নিয়ে বিরোধে লিপ্ত। ইতোপূর্বে কুমিরাঘোনা এলাকায় দখল- বেদখল এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আনোয়ার ও এমরান নামে দু’ব্যক্তি খুন হয়েছে। লোহাগাড়া থানা সূত্রে প্রকাশ, নিহত মোজাম্মেল হক আনোয়ার খুনের মামলার একজন আসামী।
লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ শাহজাহান (পিপিএম) বার জানান, নিহত মোজাম্মেল হকের স্বজনদের পক্ষে এ রিপোর্ট লেখা পর্যন্ত এজাহারনামা দায়ের করেননি। এজাহারনামা পাবার পর যথাযথ ব্যবস্থা নেয়া হবে। তবে ঘটনার পর থেকে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। স্বজনদের আহাজারীতে মোজাম্মেল হকের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহত মোজাম্মেল হকের লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে বলে জানা গেছে।
Lohagaranews24 Your Trusted News Partner