Home | ব্রেকিং নিউজ | লোহাগাড়ায় এতিমখানার জায়গা দখলের চেষ্টা, হামলা-লুটপাটের অভিযোগ

লোহাগাড়ায় এতিমখানার জায়গা দখলের চেষ্টা, হামলা-লুটপাটের অভিযোগ

এলনিউজ২৪ডটকম লোহাগাড়ায় ওয়াক্ফকৃত এতিমখানার জায়গা দখলের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী সামশুল ইসলাম। তিনি অভিযুক্তদের বিরুদ্ধে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ এনে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন। বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে উপজেলা সদরের এক রেস্টুরেন্টের হল রুমে ভুক্তভোগী সামশুল ইসলাম এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, ১৯৯১ সালের ২১ ডিসেম্বর ৩৭২ নম্বর রেজিস্ট্রি দলিলের মাধ্যমে লোহাগাড়া মৌজার আর.এস দাগ ৬৮৭ এবং বি.এস দাগ ৭৪৪ এর অন্তর্ভুক্ত ১৩ শতক জমি তিনি ও তার ভাই আব্দুল মন্নান ক্রয় করেন এবং দীর্ঘদিন ধরে ভোগদখলে রয়েছেন। পরবর্তীতে জায়গাটি আধুনগর আকবর পাড়া এলাকায় অবস্থিত আহমদিয়া হেফজখানা ও এতিমখানার নামে ওয়াক্ফ করা হয়।

তিনি অভিযোগ করেন, নিলুফা ইয়াছমিন (নিলু), নূর আয়েশা বেগম, মোহাম্মদ যুবরাজ ও মো. মিনহাজের নেতৃত্বে একটি প্রভাবশালী চক্র গায়ের জোরে ওই জায়গা জবরদখলের চেষ্টা চালাচ্ছে। বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও প্রশাসনকে একাধিকবার জানানো হলেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলে দাবি করেন তিনি।

লিখিত বক্তব্যে আরও উল্লেখ করা হয়, গত ৬ এপ্রিল রাত আনুমানিক ২টা ৪৫ মিনিটে অভিযুক্তদের নেতৃত্বে ৫০-৬০ জন অজ্ঞাতনামা সন্ত্রাসী জমিতে হামলা চালায়। এ সময় তারা টিনের ঘের ও গেইট ভেঙে ফেলে এবং নির্মাণকাজের জন্য আনা মালামাল ডাম্পট্রাকে করে নিয়ে যায়। ঘটনাস্থলে থাকা দারোয়ানকে মারধর করে আহত করা হয় এবং তার মোবাইলসহ অন্যান্য সামগ্রী ছিনিয়ে নেওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি।

এ ঘটনায় লোহাগাড়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হলেও অভিযুক্তরা পেশিশক্তির জোরে দখলচেষ্টা অব্যাহত রেখেছে এবং তাকে ও তার পরিবারকে প্রাণনাশের হুমকি দিচ্ছে বলে দাবি করেন ভুক্তভোগী। এতে তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

সংবাদ সম্মেলনে হাজী সামশুল ইসলাম তার দখলীয় জমিতে নির্বিঘ্নে কাজ করার পরিবেশ নিশ্চিত করা, পরিবারের জানমালের নিরাপত্তা প্রদান এবং দখলচেষ্টাকারীদের বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

এ বিষয়ে অভিযুক্তদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। তাই তাদের বক্তব্য পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!