
নিউজ ডেক্স: ঈদের ছুটিতে বন্দরনগর চট্টগ্রাম ছাড়ছে ঘরমুখো হাজারো মানুষ। যার কারণে শাহ আমানত ব্রিজ এলাকায় ২ কিলোমিটার জুড়ে বিশাল যানজট সৃষ্টি হয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন এ পথে চলাচলকারী যাত্রীরা। তীব্র গরমে অনেকে গাড়ির মধ্যে অসুস্থ হয়ে পড়ছেন।

রোগী নিয়ে যাওয়া অ্যাম্বুলেন্সও তীব্র যানজটে আটকে পড়তে দেখা গেছে। নগরের মইজ্জ্যার টেক এলাকার বাসিন্দা নুর জাহান বেগম। ডায়রিয়াজনিত রোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন। সোমবার সকালে কিছুটা সুস্থ হলে হাসপাতাল থেকে বাসায় চলে আসেন। সকাল ১১টার দিকে শাহ আমানত সেতুতে যানজটের সম্মুখীন হন তিনি। যানজট আর গরমের অস্বস্তির কারণে আবারও অসুস্থ হয়ে পড়েন নুর জাহান।
শাহ আমানত ব্রিজ এলাকার ট্রাফিক ইনচার্জ (টিআই) আবু সাঈদ বাকার বাংলানিউজকে বলেন, ঈদের ছুটিতে মানুষের চাপ বেড়েছে। ফলে প্রায় গাড়ি রিজার্ভ হয়ে গেছে। এর ফলে লোকাল গাড়ির পরিমাণ কমে গেছে। এতে যানজট বেড়ে গেছে। প্রচুর লোক গাড়ি না পেয়ে রাস্তায় অপেক্ষা করছে। আমরা কাজ করছি যানজট নিরসনে।
কর্ণফুলী শাহ আমানত সেতুর টোল প্লাজায় যানজট নিরসন এবং যাতায়াত সহজ করতে ৪ কোটি ৯০ লাখ টাকা ব্যয়ে দুইপাশে দুই লেইনের বর্ধিতকরণও করেছে সরকার। কিন্তু এরপরও টোল নিতে হিমশিম খেতে হচ্ছে টোল প্লাজায় কর্মরতদের।
চট্টগ্রাম জেলা সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মোসলেহ্উদ্দীন চৌধুরী বলেন, শাহ আমানত সেতু দিয়ে প্রতিদিন গড়ে ২৭ হাজারেরও বেশি গাড়ি চলাচল করছে। ঈদে গাড়ির চাপ আরও বাড়ছে। টোল আদায়ে বুথের সংখ্যা দুইপাশে দুটি বেড়ে ১০টি হয়েছে। এরপরও যানজট সৃষ্টি হচ্ছে। আমরা চেষ্টা করছি- দ্রুত সময়ে টোল নিয়ে গাড়ি ছেড়ে দিতে।
তিনি বলেন, অটোরিকশার আধিক্য, চালকদের শৃঙ্খলা না মানা, অতিরিক্ত গাড়ির চাপের কারণে যানজট সৃষ্টি হচ্ছে। অনেক গাড়ির নম্বর প্লেট ঢেকে রাখা হয়। বিভিন্ন পরিচয়ে টোল দিতে না চাওয়া, বড় টাকার নোট দেওয়া, ছোট গাড়ি বেশি-এসব কারণে যানজট বেড়ে যায়। -বাংলানিউজ
Lohagaranews24 Your Trusted News Partner