
এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় দুই বাসের সংঘর্ষে সুমাইয়া জান্নাত (১৯) নামে এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) সকাল সাড়ে ৮টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে উপজেলার চুনতি পুলিশ ফাঁড়ি সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সুমাইয়া জান্নাত বাঁশখালী উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের ২ নাম্বার ওয়ার্ডের আরব শাহ ঘোনার মাওলানা আরিফুল রহমানের মেয়ে ও চট্টগ্রাম মহিলা কলেজের অনার্স ১ম বর্ষের ছাত্রী।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কক্সবাজারমুখী ইম্পেরিয়াল পরিবহণের স্লিপার বাসের সাথে চট্টগ্রামমুখী পূরবী পরিবহণের বাসের পাশাপাশি সংঘর্ষ হয়। এ সময় পূরবী পরিবহণে থাকা কলেজছাত্রী সুমাইয়ার মাথা জানালার বাইরে ছিল।
ফলে বিপরীত দিক থেকে আসা ইম্পেরিয়াল পরিবহণের বাসের ধাক্কায় ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরে পুরবী বাসের সুপারভাইজার তাকে উদ্ধার করে ট্রমা সেন্টারে নিয়ে যান।
নিহতের নানা মনসুর আলম জানান, সুমাইয়ার পিতার চাকরির সুবাদে পরিবারের সবাই কক্সবাজারের চকরিয়া উপজেলার মালুমঘাট এলাকায় বসবাস করেন। ঘটনারদিন সকালে সে মালুমঘাট থেকে চট্টগ্রাম নগরীতে কলেজে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন।
লোহাগাড়া ট্রমা সেন্টারের চিকিৎসক ডা. সাইমুন সিরাজ জানান, সড়ক দুর্ঘটনায় নিহত এক তরুণীকে ট্রমা সেন্টারে নিয়ে আসা হয়। তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সালাহ উদ্দিন চৌধুরী জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়। মরদেহ উদ্ধার করে আইনী প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। দূর্ঘটনা কবলিত বাস ২টি হাইওয়ে থানা হেফাজতে রয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Lohagaranews24 Your Trusted News Partner