
নিউজ ডেক্স : বান্দরবানের আলীকদমে ডায়রিয়ায় করুকপাতা ইউনিয়নের ইয়ংচা ও মাংলুম দুটি পাড়ায় ৬ জনের মৃত্যু হয়েছে। আজ সোমবার ঘটনাস্থলে দুটি মেডিক্যাল টিম পাঠানো হয়েছে।
স্বাস্থ্য বিভাগ ও স্থানীয়রা জানায়, আলীকদম উপজেলার করুকপাতা ইউনিয়নের পাঁচ নাম্বার ওয়ার্ডের ম্রো জনগোষ্ঠী অধ্যুষিত ইয়ংচা পাড়া এবং মাংলুম পাড়া দুটিতে ডায়রিয়ার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। বিশুদ্ধ খাবার পানির সংকট এবং প্রচণ্ড গরমে দূর্গম যোগাযোগ বিচ্ছিন্ন গ্রাম দুটিতে ইতিমধ্যে ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে শিশু, কিশোর বয়স্ক শতাধিক নারী পুরুষ।
রোববার এবং সোমবার দুদিনে পাড়া গুলোতে ডায়রিয়ায় ৬ জনের মৃত্যু হয়েছে। তাৎক্ষণিক নিহতের নাম পাওয়া যায়নি। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গেছেন স্বাস্থ্য বিভাগের দুটি মেডিক্যাল টিম। সেনাবাহিনীর সদস্যরাও হেলিকপ্টার যোগে মেডিক্যাল টিম পাঠানোর চেষ্টা চালাচ্ছে।

বিষয়টি নিশ্চিত করে পার্বত্য জেলা পরিষদ বান্দরবানের সদস্য ম্রো গবেষক সিইয়ং ম্রো জানান, ম্রো জনগোষ্ঠীর দূর্গম ইয়ংচা ও মাংলুম পাড়া দুটিতে ডায়রিয়া ছড়িয়ে পড়েছে। ডায়রিয়ায় ইতিমধ্যে ৬ জনের মৃত্যু হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে মেডিক্যাল টিম পাঠানো হয়েছে।
সিভিল সার্জন ডা. অংসুইপ্রু মারমা জানান, প্রচন্ড গরম এবং দূষিত পানি ব্যবহারের কারণে দূর্গম পাড়াগুলোতে এই মৌসুমি ডায়রিয়ার প্রাদুর্ভাব দেখা দেয়। করুকপাতা ইউনিয়নের ডায়রিয়ায় ৬ জনের মৃত্যুর খবর পেয়েছি। ঘটনাস্থলে মেডিক্যাল টিম পাঠানো হয়েছে। আজাদী অনলাইন
Lohagaranews24 Your Trusted News Partner