ব্রেকিং নিউজ
Home | ব্রেকিং নিউজ | ওমরাহ ফেরত মাকে আনতে বিমানবন্দরে, ফেরার পথে সড়কে ঝরল ছেলের প্রাণ

ওমরাহ ফেরত মাকে আনতে বিমানবন্দরে, ফেরার পথে সড়কে ঝরল ছেলের প্রাণ

এলনিউজ২৪ডটকম: ওমরাহ ফেরত মাকে বিমানবন্দর থেকে আনতে গিয়ে ফেরার পথে লোহাগাড়ায় সড়ক দূর্ঘটনায় মো. ওবায়েদ উল্লাহ (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

বুধবার (১ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে উপজেলার চুনতি ইউনিয়নের খান দিঘী এলাকায় এই দূর্ঘটনা ঘটে। নিহত ওবায়েদ উল্লাহ কক্সবাজারের রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের ৪ নাম্বার ওয়ার্ডের লিঙ্গাপাড়া এলাকার প্রবাসী সামশুল আলমের পুত্র ও ঈদগড় এ.এম.বি উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্র।

দূর্ঘটনায় আরো ৪ জন আহত হয়েছেন। তারা হলেন নিহতের মা ইয়াসমিন আক্তার (৪০), বোন ফাহিমা আক্তার (২০), ভগ্নিপতি ইয়াছির আরাফাত (৩৫) ও চাচাতো ভাই ইয়াছিন আরাফাত (২৫)।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলে চট্টগ্রামমুখি মিনি কাভার্ডভ্যানের সাথে বিপরীতমুখি নোয়া গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নোয়া গাড়িটি উল্টে সড়কের পাশে বিলে পড়ে যায়। দূর্ঘটনায় নোয়া গাড়িতে থাকা যাত্রীরা গুরতর আহত হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা সদরের এক বেসরকারি হাসপাতালে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক ওবায়েদ উল্লাহকে মৃত ঘোষণা করেন। আহতদেরকে সেখানে চিকিৎসাসেবা দেয়া হয়েছে।

নিহতের মা ইয়াসমিন আক্তার জানান, প্রায় তিন মাস আগে তিনি সৌদি আরব ওমরাহ পালন করতে গিয়েছিলেন। ওমরাহ পালন শেষে বুধবার সকাল সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। সেখান থেকে পরিবারের সদস্যদের নিয়ে নোয়া গাড়িযোগে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দেন। দুপুরে লোহাগাড়ার একটি হাইওয়ে রেস্টুরেন্টে খাওয়া-দাওয়া করেন। পরে পুণরায় যাত্রা শুরু করলে কিছুদুর যেতেই দূর্ঘটনার কবলে পড়েন। দুর্ঘটনার পর পরই স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।

দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সালাহ উদ্দিন চৌধুরী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়। আইনী প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ স্বজনদের হাতে হস্তান্তর করা হয়েছে। দূর্ঘটনা কবলিত গাড়ি দুুটি উদ্ধার করে হাইওয়ে থানা হেফাজতে রাখা হয়েছে। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!