ব্রেকিং নিউজ
Home | ব্রেকিং নিউজ | লোহাগাড়ায় অবৈধ ৫ ইটভাটায় অভিযান, ৩০ লাখ টাকা জরিমানা

লোহাগাড়ায় অবৈধ ৫ ইটভাটায় অভিযান, ৩০ লাখ টাকা জরিমানা

এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় ৫টি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে ৩০ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১ এপ্রিল) দিনব্যাপী পরিবেশ অধিদপ্তর ও চট্টগ্রাম জেলা কার্যালয়ের উদ্যোগে উপজেলার চরম্বা ইউনিয়নে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তর সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজওয়ান-উল-ইসলাম।

সাথে ছিলেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. মোজাহিদুর রহমান, রিসার্চ অফিসার মো. আশরাফ উদ্দিন, পরিদর্শক মুহাম্মদ মঈনুদ্দিন ফয়সাল ও কাজী ইফতেকার উদ্দিন। এছাড়া অভিযানে র‌্যাব, পুলিশ, আনসার ও ফায়ার সার্ভিসের সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।

অভিযানে চরম্বা মাইজবিলা এলাকায় মেসার্স শাহ জব্বারিয়া ব্রিকস ম্যানুফ্যাকচারিংয়ের (ফোরবিএম) মালিক জসিম উদ্দিনকে ৬ লাখ টাকা, মাইজবিলা আবাসন এলাকায় মেসার্স বিসমিল্লাহ ব্রিকসের (বিবিএম-২) মালিক মো. গিয়াস উদ্দিনকে ৬ লাখ টাকা, নোয়ারবিলা এলাকায় মেসার্স চরম্বা রহমানিয়া ব্রিকসের (সিআরবি) মালিক নাছির উদ্দিনকে ৬ লাখ টাকা, চরম্বা রাজঘাটা এলাকায় মেসার্স ইসলাম ব্রিকস ম্যানুফ্যাকচারিংয়ের (আইবিএম) মালিক মফিজুর রহমানকে ৬ লাখ টাকা ও একই এলাকায় মেসার্স শাহ মজিদিয়া ব্রিকসের (বিআরবি) মালিক নুরুল আলম বাহাদুরকে ৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. মোজাহিদুর রহমান জানান, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এর ধারা লঙ্ঘন করায় ৫ ইটভাটাকে ৩০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এই ধরণের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!