
নিউজ ডেক্স : সীতাকুণ্ডে অপহরণের ৩ দিন পর এক যুবদল নেতার বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার নাম মো. জামশেদ (৩৮) বলে জানা গেছে। শনিবার (১৪ নভেম্বর) বিকেল ৩টার দিকে সীতাকুণ্ডের দক্ষিণ-পশ্চিম সৈয়দপুরের সাগর পাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন মোল্লা জানান, গত বুধবার (১১ নভেম্বর) থেকে ঐ যুবদল নেতার খোঁজ না পেয়ে তার স্ত্রী রুবি খানম বৃহস্পতিবার (১২ নভেম্বর) থানায় অপহরণ মামলা করেন। শনিবার বিকেলে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।
জামশেদ গত ৭ নভেম্বর থেকে চট্টগ্রাম শহরে থাকতেন। ১১ নভেম্বর বিকেলের দিকে জামশেদ তার স্ত্রীকে কল করে জানান, তার সঙ্গে কয়েকজন লোক আছেন। সন্ধ্যার পর বাসায় এসে তারা ভাত খাবেন। এ জন্য জামশেদ স্ত্রীকে রান্নাও করতে বলেন।

সন্ধ্যার পর থেকে তার মোবাইল ফোনটি বন্ধ পান স্ত্রী। পরে ১২ নভেম্বর জামশেদের স্ত্রী থানায় একটি অপহরণ মামলা করেন। তারা সীতাকুণ্ডের মুরাদপুর হাসনাবাদ এলাকায় থাকতেন।
চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দিপ্তী বলেন, “জামশেদ মুরাদনগর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি ছিলেন। এ ঘটনায় দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি জনাচ্ছি।” বাংলানিউজ
Lohagaranews24 Your Trusted News Partner