
নিউজ ডেক্স : জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের অবর্তমানে পার্টির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন দলের কো-চেয়ারম্যান জিএম কাদের। পার্টির গঠনতন্ত্রের ২০/১-ক ধারা মোতাবেক এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে এক ‘সাংগঠনিক নির্দেশে’ এ ঘোষণা দেন এরশাদ।

সাংগঠনিক নির্দেশে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেন, আমার অবর্তমানে বা চিকিৎসাধীন অবস্থায় বিদেশে থাকাকালীন সময়ে পার্টির বর্তমান কো-চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি(জিএম কাদের) জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।

এর আগে গত ২২ মার্চ পার্টির কো-চেয়ারম্যান পদ থেকে জি এম কাদেরকে সরিয়ে দিয়েছিলেন এরশাদ। পরদিন সংসদের বিরোধী দলের উপনেতা পদ থেকেও তাকে সরিয়ে দেওয়া হয়। তবে এর ১২ দিন পরই গত বৃহস্পতিবার জিএম কাদেরকে আবারও পার্টির কো-চেয়ারম্যান পদে পুনর্বহাল করা হয়।
Lohagaranews24 Your Trusted News Partner