
আন্তর্জাতিক ডেক্স : নভেল করোনাভাইরাসের মহামারী নিয়ন্ত্রণে না এলে মসজিদে জামাতের উপর নিষেধাজ্ঞা অব্যাহত রাখতে হবে জানিয়ে রোজার মাসে তারাবির নামাজ মুসল্লিদের ঘরেই আদায় করার আহ্বান জানিয়েছে সৌদি আরব সরকার।
এক টিভি চ্যানেলের সাক্ষাৎকারে শনিবার দেশটির ইসলামবিষয়ক মন্ত্রী শেখ ড. আব্দুল লতিফ বিন আবদুল আজিজ আশ-শেখ এই আহ্বান জানান বলে সৌদি গ্যাজেটের প্রতিবেদনে বলা হয়েছে।
এই মহামারী শিগরিরই দূর হওয়ার প্রার্থণা করে তিনি বলেন, শুধু তারাবির নামাজ নয়, তার চেয়ে বেশি জরুরি ফরজ নামাজ মসজিদে আদায় বন্ধ রাখা।

আল রিয়াদ পত্রিকা আব্দুল লতিফ শেখকে উদ্ধৃত করে বলা হয়,“মসজিদে হোক,ঘরে হোক আল্লাহ সর্বশক্তিমান যেন তারাবি নামাজ কবুল করেন আমরা সেই প্রার্থনা করি। কারণ এটা মানুষের স্বাস্থ্য সুরক্ষার জন্য।
সরকারের নির্দেশনা অনুযায়ী, এই মহামারীতে আক্রান্ত হয়ে মৃত ব্যক্তির পরিবারের পাঁচ থেকে ছয় জন তার জানাজায় অংশ নিতে পারবে।
মন্ত্রী বলেন, সমাবেশের বিষয়ে বিধিনিষেধের আওতায় এই সতর্কতা নেওয়া হয়েছে।জানাজার নামাজ বাধ্যতামূলক নামাজের চেয়ে বড় নয়। তাই এটা একা একা পড়া সম্ভব।
“কারণ এক জায়গায় বেশি লোকের সমাবেশ যাতে না হয় তা নিশ্চিত করতে হবে। তা না হলে ভাইরাস ছড়ানোর সম্ভাবনা থাকে।
নভেল করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে রোববার সৌদি আরবজুড়ে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয়।
সৌদি আরবে করোনাভাইরাস আক্রান্ত হয়েছে মোট ৪ হাজার ৩৩ জন। মারা গেছেন ৫২ জন। উপসাগরীয় ছয় আরব দেশের মধ্যে এ সংখ্যা সবচেয়ে বেশি।
ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সৌদি আরব আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ করেছে, ওমরাহ বাতিল করেছে এবং বেশিরভাগ জনসমাগম স্থানও বন্ধ করেছে। উপসাগরীয় অন্যান্য দেশগুলোও একই ধরনের সতর্কতামূলক পদক্ষেপ নিচ্ছে। বিডিনিউজ
Lohagaranews24 Your Trusted News Partner