
নিউজ ডেক্স : সৌদি আরবের জেদ্দা বিমানবন্দরে সোনা ও মুদ্রাসহ আটক হয়েছেন বাংলাদেশের জাতীয় পতাকাবাহী বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক কেবিন ক্রু। তার নাম রুহুল আমিন শুভ বলে জানা গেছে। তারপর তাকে বিমান থেকে বরখাস্ত করা হয়েছে।
জানা যায়, জেদ্দা থেকে ঢাকাগামী বিমানের ফ্লাইট বিজি-৪০৩৬ তে কর্মরত ছিলেন শুভ। গতকাল বুধবার সকালে ফ্লাইটে আরোহনের সময় কিং আব্দুল আজিজ বিমানবন্দরে নিয়ম অনুযায়ী তল্লাশির সময় তার ব্যাগে স্বর্ণ ও মুদ্রা ধরা পড়ে। এরপর তাকে আটক করে সৌদি কর্তৃপক্ষ।
বিমান বাংলাদেশ এয়াললাইন্স-এর জনসংযোগ বিভাগের উপ-মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার আজ বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) বলেন, “রুহুল আমিন শুভ’র বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। অভিযোগ পাওয়ার পরপরই তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তিনি এখন আছেন সৌদি ইমিগ্রেশন অথরিটির কাছে। তাদের লগ রিপোর্ট ও অন্যান্য রিপোর্ট হাতে পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”

শুভ কী পরিমাণ মুদ্রা বা সোনাসহ ধরা পড়েছেন সেই বিষয়ে কোনো তথ্য দিতে পারেননি তাহেরা খন্দকার।
Lohagaranews24 Your Trusted News Partner